
বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) মতো শক্তিশালী কমিশন পৃথিবীর খুব কম দেশেই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার দুপুরে সিলেট নগরের বালুচর এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী আইনের মাধ্যমে একটা ইলেকশন কমিশন করেছি। যেটা আজিজ মার্কা কমিশন নয়। এই ইলেকশন কমিশন—ইলেকশনের সময় তাদের সব দায়দায়িত্ব। ইলেকশনে সরকারি কিংবা যত অফিসার থাকবেন, সিকিউরিটির লোক থাকবেন, তারা যদি মনে করে কোনো বিশেষ দলের প্রতি তাঁরা বেশ নমনীয়, তাহলে টার্মিনেট, সাসপেন্ড করার ক্ষমতা তাদের আছে। ইলেকশনে যদি তারা (ইসি) মনে করে কোথাও কারচুপি হয়েছে, সেই ইলেকশন সেন্টারের ইলেকশন বাতিল করার ক্ষমতা তাদের আছে।’ তিনি বলেন, গভর্নমেন্ট তাদের নিয়োগ করে নাই; তারা একটা প্রসেসের মাধ্যমে চার বছরের জন্য অ্যাপয়নমেন্ট পেয়েছে। সুতরাং এই ধরনের স্ট্রং ইলেকশন কমিশন দুনিয়ায় খুব কম দেশেই আছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা নির্বাচন করব, আমাদের আইনের নিয়মে। আমাদের শাসনতান্ত্রিক নিয়মে। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয়, সে জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা ফটো আইডির ভোটার তৈরি করেছি। কারণ, ওই আজিজ মার্কা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার আমরা করতে চাই না, সে জন্য এখন ফটো আইডি। আঙুল দেবেন আপনার ব্যালটটা বের হবে। এর উদ্দেশ্য ভুয়া ভোট যাতে না হয়। আমরা ট্রান্সপারেন্ট ব্যালট বক্স তৈরি করেছি, যাতে আপনারা কেউ রাতের অন্ধকারের অভিযোগ না দেন।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় না কোনো দেশের সঙ্গে আমরা নতুন চুক্তি করব। আপনারা পেপারে লিখেছেন, আমেরিকা দুটি চুক্তি করবে, দিজ ইজ রং। আমরা একটা ইন্ডিপেনডেন্ট দেশ, আমরা একটা পজিশন নিয়ে বসে আছি, তাতে অনেকের অসুবিধা হতে পারে। বাট উই মেইনটেন অন দ্য বেসিস অব প্রিন্সিপাল। আমরা একটা নন–অ্যালাইন, একটা ব্যালান্স ফরেইন পলিসি চালিয়ে আসছি।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনি যদি আমেরিকান কোনো ইকুইপমেন্ট কেনেন, তাহলে সেই ইকুইপমেন্ট কোথায় রাখবেন, তাঁদের জানাতে হবে। শুধু লোকেশন জানাতে হবে না, সেই লোকেশনে অন্য কোনো দেশের কোনো ইকুইপমেন্ট আছে কি না, সেটাও জানাতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা, যে ইকুইপমেন্ট আপনি কিনলেন, সেটা ব্যবহারের আগে তাঁদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সো এত বাধ্যবাধকতার মধ্যে আপনি সেটা সই করবেন কি না, আমি জানি না।’
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের যোগ দেওয়া–সংক্রান্ত প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে যোগ দেওয়ার কথা আছে। সেই সঙ্গে ব্রিকস সদস্যপদ অফার করলে, আমরা সেটি গ্রহণ করব।’ তিনি বলেন, ‘ব্রিকসের ওই বড় অনুষ্ঠানে ৭০টি দেশের মন্ত্রী কিংবা তাঁদের ঊর্ধ্বে বহু প্রেসিডেন্ট, বহু হেড অব গভর্নমেন্ট অ্যাটেন্ড করবেন। সেই কারণেই এই বছর ব্রিকসের মধ্যে আলাপ হচ্ছে, তারা এক্সপানশন করবে কি না? না–ও যদি করে, এতগুলো দেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন, চীনের প্রেসিডেন্ট যাবেন, লুলা সাহেব আসবেন, ইটস এ গুড প্লেস ফর অনেক ধরনের আলাপ–আলোচনার জন্য।’