বগুড়ায় ছুরিকাঘাতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এনার্জি ফিলিং স্টেশনের পাশে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মতিউর রহমান (৪০) বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের বাসিন্দা। তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মতিউর রহমান নিজ বাড়ি কালিবালা থেকে বের হয়ে গোদারপাড়ায় তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্ত নিশিন্দারা এলাকায় পথ রোধ করে তাঁকে ছুরিকাঘাত শেষে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মতিউর রহমানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মতিউর রহমানের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।