খুলনায় ওএমএসের ৩০০ কেজি চাল ‘আত্মসাৎ’, পরিবেশককে জরিমানা

খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

খুলনার পাইকগাছা উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৩০০ কেজি চাল ‘আত্মসাৎ’ করার অভিযোগে শেখ রায়হান পারভেজ নামের এক পরিবেশককে (ডিলার) জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে ২৮ হাজার ৩১৭ টাকা জরিমানা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। শেখ রায়হানের বাড়ি পাইকগাছা পৌরসভা এলাকায়। তিনি তাঁর বাড়ির সামনের একটি দোকানকে গুদাম হিসেবে ব্যবহার করে সেখানে ওএমএসের চাল বিক্রি করতেন।

ওই পরিবেশকের চাল বিক্রির তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, একেকজন পরিবেশক দিনে ৩০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল বিক্রি করার সুযোগ পান। পরিবেশক যে চাল বিক্রি করবেন, তা মাস্টাররোল খাতায় লিপিবদ্ধ করতে হয়। প্রথম দফা সকালে শেখ রায়হানের গুদামে গিয়ে দেখা যায়, সব ঠিক রয়েছে। তবে দুপুরের দিকে আবার গিয়ে দেখা যায়, বিক্রি হওয়া চাল ও মজুত থাকা চালের মধ্যে ১০ বস্তা চাল সেখানে নেই। পরে ব্যাপারটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমকে জানানো হয়। তিনিও সরেজমিন একই ঘাটতি দেখতে পান।

আলতাফ হোসেন বলেন, এরপর ইউএনওর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। তিনি সেটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। এরপর ওই পরিবেশককে জরিমানা করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান বলেন, ওই পরিবেশককে ওএমএস নীতিমালা-২০১৫ অনুযায়ী ঘাটতি থাকা চালের সরকারি মূল্যের দ্বিগুণ হিসাবে জরিমানা করা হয়েছে। আগামী রোববার সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে তাঁকে জরিমানার টাকা জমা দিতে হবে। না দিলে কোনো প্রকার নোটিশ ছাড়াই তাঁর ওএমএসের লাইসেন্স বাতিল করা হবে।