সাভারে প্রশিক্ষণার্থী পাইলটকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারে এক প্রশিক্ষণার্থী পাইলটকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মুঠোফোন ও দুটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের মজিদপুর এলাকার আবদুর রশিদের ছেলে মো. সুজন (২৮), ভোলার ধরুন বাজার এলাকার জালু খাঁর ছেলে মো. আশিক (২৫) ও সাভারের দিলখুশাবাদ এলাকার জাহাঙ্গীরের ছেলে রাকিবুল হাসান (১৮)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে অবস্থান করছিলেন। সুজনের বিরুদ্ধে সাভার থানায় মাদকসহ পাঁচটি মামলা এবং আশিকের বিরুদ্ধে একটি মাদক মামলা আছে।

আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী। ভুক্তভোগী পাইলট এস কে ফয়সাল ওরফে অমি (২৮) সাভারের শাহীবাগ এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহিল কাফী বলেন, ৫ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকার বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সাভারের বাসার উদ্দেশে আসছিলেন ফয়সাল। রাত তিনটার দিকে সাভার পৌর এলাকার রাজাসন জি কে গার্মেন্টসের সামনে তাঁর পথরোধ করে চারজন ছিনতাইকারী। তাঁদের মধ্যে একজন প্রথমে ফয়সালের পেটের ডান পাশে আঘাত করেন। পরে বাকি দুজন ধারালো চাকু দিয়ে ফয়সালের শরীরের বিভিন্ন জায়গায় জখম করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। ছিনতাইকারীরা কিছু দূর গিয়ে মানিব্যাগ ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় স্বজনেরা বিষয়টি জানতে পারেন। পরে আহত ফয়সালকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার পরদিন সাভার মডেল থানায় ফয়সাল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের পর গতকাল শনিবার রাতে ঘটনায় জড়িত তিনজনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, আজ দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাঁরা এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদে তাঁরা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।