
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যুবলীগ কর্মী মোবারক হোসেন হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমান সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর আজ শনিবার দুপুরে উপজেলার মোহনপুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী মিজানুর রহমান বলেন, ‘আমি দুই যুগেরও বেশি সময় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেছি। ২০১৮ সালে মায়া চৌধুরী নৌকার মনোনয়ন পাননি। তখন মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন নুরুল আমিন রুহুল। সে সময় নৌকার পক্ষে কাজ করে আমরা তৃণমূল আওয়ামী লীগের কর্মী হিসেবে বহু মামলার আসামি হয়েছি। এখনো নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছি। মায়া চৌধুরীর সঙ্গে যখন ছিলাম, তখন মুক্তিযোদ্ধার সন্তান ছিলাম। এখন আমাদের বলা হয় রাজাকারের সন্তান।’
কাজী মিজানুর রহমান বলেন, ‘নৌকার মনোনয়ন তৃণমূলের কর্মীরা দেন না। নৌকার মনোনয়ন দেন দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। আমরা কেন তাঁদের বিভাজনের বলি হব। আমি ইউনিয়নের জনগণের কল্যাণে বহু বছর আগ থেকেই কাজ করছি। কাজ করার ক্ষেত্রে দিক-নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন মায়া চৌধুরী। কিন্তু তিনি এমপি থেকে বাদ পড়ার পর গত সাড়ে ৪ বছরের অধিক সময় এই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। মতলব উত্তর উপজেলার যুবলীগ কর্মী মোবারক হোসেন হত্যার ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমি, ভাইসহ অনেকেই মামলার আসামি হয়েছি।’
মতলব উত্তরের বাহাদুপুর গ্রামে মায়া চৌধুরীর অনুসারীরা ১২০ পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও নারী নির্যাতন করেছেন বলে দাবি করেন কাজী মিজানুর রহমান। তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীরা এ পর্যন্ত ১৩টি মামলা করেছেন। আর হত্যা মামলাটির মূল রহস্য সরকারের সব সংস্থার কাছে পরিষ্কার। আমি সরকারের কাছে দাবি করছি, আবারও এর সঠিকভাবে তদন্ত করা হোক। আমিও এই হত্যায় যাঁরা জড়িত তাঁদের বিচার চাই।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, গোলাম হোসেন, আবদুল খালেক, ফয়েজ আহমেদ সরকার, ইউপি সদস্য আল-আমিন, শাহাদাত ব্যাপারী, কাজী হাবীবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি বিল্লাল তপাদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।