রাঙামাটিতে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছর।
থানা সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সম্প্রতি অভিযুক্ত কিশোরেরা শিশুটিকে ধর্ষণের পর ভিডিও ধারণ করেছিল। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। গতকাল সন্ধ্যায় আবার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল চার কিশোর। পরে ওই শিশু তার অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর শিশুর অভিভাবক থানায় মামলা করেন।
জানতে চাইলে জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।