ধুনটে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য বাবুল ইসলাম (৪০) ও তাঁর ছেলে সোহাগ হোসেনকে (১৭) ছুরিকাঘাতে আহত করা হয়েছে বলে অভিযোগে উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

বাবুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁর ছেলে সোহাগ হোসেন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের রাব্বি ও সৈকতসহ কয়েকজন তরুণ কিছুদিন ধরে এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বিকেলে বাবুল ইসলাম ও তাঁর ছেলে সোহাগ হোসেন বিষয়টির প্রতিবাদ করলে ওই তরুণদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এতে রাব্বি ও সৈকত ক্ষুব্ধ হয়ে সাত থেকে আট জন সহযোগী নিয়ে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে এলাঙ্গী বাজারে গিয়ে সোহাগ হোসেনকে ছুরিকাঘাত করেন। এ সময় সোহাগের চিৎকারে তাঁর বাবা বাবুল এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও ছুরিকাঘাত করেন। এতে বাজারের লোকজন উত্তেজিত হয়ে রাব্বি, সৈকতসহ হামলাকারী যুবকদের মারধর করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে পুলিশ আহত বাবুল ও তাঁর ছেলেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন বলেন, আহত দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে বাবুল ইসলামকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সোহাগ হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বাবুল ইসলাম বলেন, ‘ধুনট উপজেলা শহর থেকে কয়েকজন তরুণ প্রতিদিন এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীরা আমার ছেলেকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাইতে গেলে তাঁরা আমাকেও ছুরিকাঘাত করেছে।’

অভিযোগের বিষয়ে রাব্বী মুঠোফোনে বলেন, এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা হয়, বিষয়টি সত্য। তবে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। গতকাল সন্ধ্যায় তিনি বিষয়টি মীমাংসা করে দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।