গণসংহতি আন্দোলনের সমাবেশ

দেশের জনগণ সরকারের দুর্নীতি-লুটপাটের দায় আর কত দিন শোধ করবে

বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার সকালে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে
ছবি : প্রথম আলো

আবার বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ বক্তারা বলেন, সরকার তাঁদের দুর্নীতির দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিতে নিত্যপণ্য, জ্বালানি ও বিদ্যুৎসহ সব খাতে মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দেশের জনগণ আর কত দিন সরকারের এই দুর্নীতির দায় শোধ করবে। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সেই মুহূর্তে পুনরায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণের সঙ্গে সরকারের যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছু হতে পারে না।

আজ বুধবার বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ এ সভায় সভাপতিত্ব করেন। জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব আরিফুর রহমান, সদস্য নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বললেন আগামী বছর বিশ্বজুড়ে দুর্ভিক্ষ হতে পারে। সে লক্ষ্যে দেশের মানুষকে প্রস্তুতি নিতে তিনি আহ্বানও জানিয়েছেন। আরেক দিকে সরকার মানুষের ফুটো পকেটকে আরও ফুটো করে নিজেদের দুর্নীতি-লুটপাটের ঘাটতি পূরণের বন্দোবস্ত করছে। এটা কি জাতির সঙ্গে প্রতারণা নয়? তারপর আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার তার প্রতিটি দুর্নীতির দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে৷

বক্তারা আরও বলেন, সরকারের সীমাহীন লুটপাটে দেশ আজ দেউলিয়া হওয়ার পথে। সেই অবস্থা সামাল দিতে জনগণের ওপর সরকার ‘স্টিমরোলার’ চালাচ্ছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা স্পষ্ট করে বলতে চান, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। অবিলম্বে ক্যাপাসিটি চার্জের নামে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে। গ্যাস উত্তোলনে রাষ্ট্রীয় সংস্থা বাপেক্সকে আধুনিকায়ন করে জ্বালানি উত্তোলনের সক্ষমতা বাড়াতে হবে।

তাঁরা আরও বলেন, সরকারের এলএনজি আমদানি নীতি সম্পূর্ণ লুটপাটনির্ভর। দেশীয় সম্পদ লুণ্ঠনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের যে তৎপরতা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে, তার বিরুদ্ধে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। আর চুপ করে বসে থাকলে দেশের মানুষকে না খেয়ে মরতে হবে। তাই তাঁরা অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।