ধুনটে হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আলতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে একটি জলাশয়ে মাছ শিকার করতে যান সুলতান আলী। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সুলতান আলীর মৃত্যু নিশ্চিতের পর তারা জলাশয়ের পানিতে লাশ রেখে সেখান থেকে সটকে পড়ে। স্থানীয় লোকজন ওই জলাশয়ে মাছ ধরতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানিয়েছে, সুলতান এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা আছে। স্থানীয় মোকছেদ আলীর ছেলে কৃষক রনজু মিয়া সুলতান ও তাঁর সহযোগীদের মাদক কারবারে বাধা হয়ে দাঁড়ান। এতে ক্ষুব্ধ হয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় রনজু মিয়াকে হত্যা করেন সুলতান ও তাঁর সহযোগীরা।

এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন সুলতান আলী। ২০২০ সালের ২১ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল এলাকার একটি ভাড়া বাসা থেকে সুলতানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। ওই মামলায় সুলতান আলী জামিনে ছিলেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সুলতান আলীকে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।