মোংলায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। রোববার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ইজিবাইকের নিচে চাপা পড়ে আবদুল্লাহ শেখ (৮) নামের শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ উপজেলার মধ্যপাড়ার বাসিন্দা মুকুল শেখের ছেলে। সে উপজেলার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির মা–বাবা।

নিহত শিশুর চাচা মাসুম শেখ প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে তাঁর বাড়িতে আসছিল আবদুল্লাহ। তাঁর বাড়িটি রাস্তার বিপরীত পাশে। রাস্তা পার হয়ে তাঁর বাড়িতে আসার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্বজনেরা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ইব্রাহীম হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ইব্রাহীম হোসেন বলেন, ইজিবাইকের নিচে চাপা পড়ায় শিশুটির বুকের ডান পাঁজরের হাড় ভেঙে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে যায় তার। মাথায় আঘাত ও পাঁজর ভেঙে যাওয়ায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলাপ করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।