কেউ কেউ ছবির মানুষদের নিয়ে নানা ঘটনার স্মৃতিচারণা করছেন। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁরা সহকর্মী থাকলেও আজ তাঁরা শুধুই ছবি।

সাভারের আশুলিয়ার বাইপাইলের নতুনপাড়া এলাকার এসবি নিটিং লিমিটেডের মূল ফটকে টাঙানো একটি ব্যানারে ছয় ব্যক্তির ছবি। তাঁরা সবাই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে মধ্যাহ্নভোজের বিরতির সময় অনেককেই ব্যানারের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ ছবির মানুষদের নিয়ে নানা ঘটনার স্মৃতিচারণা করছেন। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁরা সহকর্মী থাকলেও আজ তাঁরা শুধুই ছবি।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা সাতটায় অফিস শেষ করেন প্রতিষ্ঠানটির মার্চেন্ডাইজিং, ডিজাইন ও ফেব্রিকস সেকশনের ১০ কর্মকর্তা। পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত ১১টার দিকে মাইক্রোবাসে করে তাঁরা বেড়ানোর উদ্দেশ্যে সিলেটে রওনা দেন। তাঁদের সঙ্গে সাদিয়া এমব্রয়ডারি নামের একটি প্রতিষ্ঠানের মালিক বাবুল ও গাড়িচালক ছিলেন। নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গত শুক্রবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালের মর্গ থেকে তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন এসবি নিটিং লিমিটেড কারখানার মার্চেন্ডাইজার মীর নাজমুল হক (৩০), মো. আল আমীন (২৭), রাজু আহম্মেদ (৩৬), রায়হান সিকদার (২৪); ডিজাইনার মো. আল আমীন (২৯); ফেব্রিকস স্টোরকিপার আবদুল আউয়াল (৩৭) ও সাদিয়া এমব্রয়ডারি নামের একটি প্রতিষ্ঠানের মালিক বাবুল মোল্লা (৪০)। আহত ব্যক্তিরা হলেন জুবাইদুল ইসলাম (২৮), মো. পারভেজ (২৯), মুশফিকুর রহমান (২৪) ও আবদুল আউয়াল (৩০)।
গতকাল দুপুরে ওই কারখানায় গিয়ে দেখা গেছে, প্রতিদিনের মতো প্রতিষ্ঠানটিতে শ্রমিকেরা কাজ করছেন। সহকর্মীদের সঙ্গে দুর্ঘটনাটি
নিয়ে কথা বলছেন অনেকে। বেলা দেড়টার দিকে দেখা যায়, মধ্যাহ্নভোজের বিরতিতে প্রতিষ্ঠানের মূল ফটকে টাঙানো নিহত ছয় কর্মকর্তার ছবিসংবলিত ব্যানারের সামনে দাঁড়িয়ে অনেকে স্মৃতিচারণা করছেন।
এসবি নিটিং লিমিটেডের অপারেটর স্বপন মিয়া প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন রাতে আমার ডিউটি ছিল। কাজের ফাঁকে কারখানার ফটকে এসে দেখি তাঁরা বের হচ্ছেন। পরে রাত চারটার দিকে দুর্ঘটনার খবর পাই।’
কারখানাটির আরেক অপারেটর আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মারা যাওয়া আরিয়ান আমার আপন খালাতো ভাইয়ের ছেলে। বয়সে আমার ছোট হলেও আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমার ভাইয়ের বিদেশ যাওয়ার ব্যাপারে সে আমাদের ৫০ হাজার টাকা দিয়ে সহায়তাও করেছে। বৃহস্পতিবার সিলেটে ঘুরতে যাওয়ার জন্য আমার ছোট ভাইকেও বলে। সে তাদের সঙ্গে ঘুরতে যেতে পারবে না বলে জানায়। শুক্রবার সকালে জানতে পারলাম, আরিয়ানসহ তার সঙ্গে ঘুরতে যাওয়া আমাদের কারখানার আরও কয়েকজন মারা গেছেন।’
গত মে মাসে মার্চেন্ডাইজার হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগদান করেছিলেন মো. আল আমিন। মিষ্টভাষী ও ভদ্র হিসেবেই সবার কাছে পরিচিতি ছিলেন বলে জানালেন মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. জাহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, অমায়িক ব্যবহারের মধ্য দিয়ে খুব অল্প সময়ে সবার কাছে জায়গা করে নিয়েছিলেন আল আমিন। তাঁরা যাঁদের হারিয়েছেন, তাঁরা সবাই প্রতিষ্ঠান ও আশপাশের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন।
প্রতিষ্ঠানটিতে মালিক ও শ্রমিকদের মধ্যে সব সময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে। মালিকপক্ষ হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য সব ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন ব্যবস্থাপক (প্রশাসন) মীর শেহাব উদ্দিন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে ছয় সহকর্মীকে হারিয়েছি। এটা মেনে নেওয়া কষ্টের। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ২০০ জন কাজ করছেন। এটিকে একটি পরিবারের মতোই ভাবা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রতিষ্ঠানের মালিক নিজে খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া প্রতিষ্ঠানে গ্রুপ বিমা করা আছে।’