
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপে বাসচালকের সহকারী মোহাম্মদ আলী হোসেনকে (২৫) হত্যার দায়ে দুজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন সাহেপ্রতাপের মাছিমপুর এলাকার মধু ভূঁইয়ার ছেলে এখলাছ ভূঁইয়া (২৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মোসলেম খানের ছেলে জুয়েল খান (৩৪)। এ ছাড়া যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নরসিংদীর বেলাব উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (৪৪)। একই সঙ্গে তিন আসামিকেই ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিহত আলী হোসেন ও সাজাপ্রাপ্ত তিনজন বিভিন্ন বাসের চালকের সহকারী।
নরসিংদী মডেল থানার পুলিশ জানায়, ২০১৬ সালের ৩ জুন রাতে সাহেপ্রতাপ এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের পেছনে মাদক বিক্রির পাওনা টাকার দ্বন্দ্বে গলায় গামছা পেঁচিয়ে এবং পেটে ও পায়ে ছুরিকাঘাতে আলী হোসেনকে হত্যা করা হয়। পরদিন সকালে আলী হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পরদিন ৫ জুলাই নিহত আলী হোসেনের মা ঝুনু বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন।
মামলা সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, আলী হোসেন বাসচালকের সহকারীর কাজের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর নিয়মিত ক্রেতা ছিলেন এখলাছ ভূঁইয়া, জুয়েল খান ও সাব্বির মিয়া। এই তিনজনের কাছে আলী হোসেনের মাদক বিক্রির পাওনা টাকা ছিল। ২০১৬ সালের ৩ জুন রাতে পাওনা টাকা আদায় নিয়ে আলী হোসেনের সঙ্গে এখলাছ, জুয়েল ও সাব্বিরের কথা-কাটাকাটি হয়।
এর একপর্যায়ে ওই তিনজন আলী হোসেনের গলায় গামছা পেঁচিয়ে এবং পেটে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময় পর্যায়ক্রমে এখলাছ, জুয়েল ও সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিন আসামিই ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন। পরে এই তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ।
জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী এম এ এন অলিউল্লা বলেন, মামলা হওয়ার পর ছয় বছরে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে অভিযুক্ত তিন আসামির অপরাধ প্রমাণিত হয়। এর ভিত্তিতে আজ আদালত রায় ঘোষণা করেন। আদালতের রায়ে এখলাছ ভূঁইয়া ও জুয়েল খানকে আমৃত্যু কারাদণ্ড ও সাব্বির মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।