কুকুর মারতে পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
 প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় কুকুরের উপদ্রব থেকে রক্ষা পেতে বিদ্যুৎতের তার দিয়ে নিজ বাড়ির উঠানে ফাঁদ পেতেছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ির গোলাপজামগাছ থেকে ফল ছিঁড়তে গিয়ে সেই ফাঁদে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে তৃতীয় শ্রেণির এক ছাত্র। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল গ্রামে গোলাম মোস্তাফার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্কুলছাত্রের নাম তামিউল ইসলাম (১১)। সে পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল  গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। নুরুল ইসলামের দুই ছেলে এক  মেয়ের মধ্যে তামিউল বড়। সে দক্ষিণ গৌবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তামিউল ইসলামের চাচা তৌহিদুল ইসলাম।

তামিউলের চাচা তৌহিদুল ইসলাম বলেন, আজ সকালে তামিউল ইসলামসহ তার তিন বন্ধু খেলতে বের হয়। এ সময় পাশের একটি বাড়ির উঠানে গোলাপজামগাছ থেকে ফল ছিঁড়তে যায় সে। ওই বাড়ির উঠানে কুকুর মারার জন্য টাঙানো বৈদ্যুৎতিক তারের ফাঁদে জড়িয়ে তার ভাতিজা লুটিয়ে পড়ে। সাইফুল ইসলাম নামের এক যুবক তা দেখে তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে খবর পাঠান। এরপর স্বজনেরা দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শারমীন আফরিন বলেন, সকাল ৯টা ২০ মিনিটে বিদ্যুৎস্পৃষ্ট তামিউল ইসলামকে মৃত অবস্থায় স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার কামাল রাজীব বলেন, ‘পাশের বাড়ির উঠানে বৈদ্যুৎতিক তারে জড়িয়ে তামিউল ইসলাম নামের এক শিশু মারা যাওয়ার খবর শুনে আমি তাদের বাড়ি যাচ্ছি।’