চিকিৎসা নিতে ভারতে যাচ্ছিলেন নিঃসন্তান দম্পতি, বাড়ি ফিরলেন লাশ হয়ে

ছেলে ও পুত্রবধূর লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহত শামীমের মা শাহনাজ খাতুন। আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী থানা চত্বরে
ছবি: প্রথম আলো

আট বছরের দাম্পত্য জীবনে শামীম-শিমু দম্পতির সন্তান ছিল না। উন্নত চিকিৎসা নিতে তাঁরা ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। পথে বাসের ধাক্কায় প্রাণ হারালেন তাঁরা। লাশ হয়ে বাড়ি ফিরলেন নিঃসন্তান দম্পতি।

গাইবান্ধার পলাশবাড়ীতে আজ বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। ওই অটোরিকশার যাত্রী ছিলেন শামীম ও শিমু।

সড়ক দুর্ঘটনায় নিহত শামীম মিয়া

পারিবারিক সূত্র জানায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা দুর্গাপুর গ্রামের সালাম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০)। আট বছর আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের মেয়ে শিমু সরকারের (২৪) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা দুজন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান নেই। এ জন্য তাঁরা রংপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এতে কোনো ফল পাননি। তাই ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা করেন।

দেনা করি ট্যাকা জোগাড় করি দিনো। চিকিৎসা করি আইলে হামরা নাতিপুতির মুক দ্যাকনো হয়। কেটা হামার ব্যাটাক, ব্যাটার বউয়োক কাড়ি নিলো।
শাহনাজ খাতুন, নিহত শামীমের মা

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভারতে যাওয়ার জন্য আজ সকাল ছয়টার দিকে তাঁরা অটোরিকশায় করে দুর্গাপুর গ্রামের বাড়ি থেকে রওনা দেন। সঙ্গে ছিলেন শামীমের খালাতো ভাই পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামের আতাউর রহমানের ছেলে শাকিল মিয়া (২৫)। অটোরিকশাটি গাইবান্ধা শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে জয়পুরহাটের পাঁচবিবির দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পলাশবাড়ী উপজেলার ডাকঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শানেখোদা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে শামীম, শিমু ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক নুরুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের নজরুল হকের ছেলে।

শিমু সরকার

মৃত্যুর খবর শুনে আজ সকালে পলাশবাড়ী থানা চত্বরে আসেন নিহত শামীমের মা শাহনাজ খাতুন (৫৬)। তিনি ছেলে, পুত্রবধূ ও ভাগনের লাশ দেখে আহাজারি করতে থাকেন। কখনো মাটিতে লুটিয়ে পড়ছিলেন, কখনো লাশ ধরে চিৎকার করছিলেন। স্বজনেরা তাঁকে শান্ত করার চেষ্টা করছেন।

আহাজারি করতে করতে শাহনাজ খাতুন বলছিলেন, ‘ছোলের (সন্তান) জন্যে হামার ব্যাটা (ছেলে) ইন্ডিয়াত (ভারত) যাবার চাচিলো। দেনা করি ট্যাকা জোগাড় করি দিনো। চিকিৎসা করি আইলে হামরা নাতিপুতির মুক দ্যাকনো হয়। কেটা হামার ব্যাটাক, ব্যাটার বউয়োক কাড়ি নিলো। যারা হামার বুক খালি করলো, হামরা তামারঘরে বিচার চাই।’

এ সময় নিহত শামীমের স্বজনেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন। পলাশবাড়ী থানায় লাশ নিতে আসা শামীমের চাচা রোকন মিয়া বলেন, শামীম, শিমু ও শাকিলের আজ জয়পুরহাটের পাঁচবিবিতে গিয়ে রাত যাপন করার কথা ছিল। আগামীকাল শুক্রবার সকালে তাঁরা সেখান থেকে ভারতে যেতেন। এ জন্য আজ সকাল সকাল তাঁরা অটোরিকশায় রওনা হয়েছিলেন। ঘাতক বাস তাঁদের আর যেতে দিল না। তিনি বলেন, কিছুদিনের মধ্যে চাকরির জন্য শাকিল মিয়ার জাপান যাওয়ার কথা ছিল। সেই আশা মাটি হয়ে গেল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত আটোরিকশাটি থানায় আনা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।