
বিএনপি না এলেও নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে না এলেও তাদের একাংশ নির্বাচনে আসতে পারে। অন্যান্য দলও নির্বাচনে অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক বিশ্ব নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবে।
আজ শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
প্রথমে এক প্রশ্নের জবাবে মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি বা কেউ নির্বাচনে না এলে তাতে কিছু যায়-আসে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করব, যাতে বিএনপি নির্বাচনে আসে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই জানা যাবে, তারা নির্বাচনে আসবে কি না। আমার দৃঢ় বিশ্বাস, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।’
কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপির জন্য সব সময় সংলাপের দরজা খোলা রাখবে আওয়ামী লীগ। যেকোনো সমস্যা সমাধানে সংলাপ সবচেয়ে ভালো উপায়। আওয়ামী লীগ সব সময় সংলাপকে স্বাগত জানাবে। তবে সংবিধানের আলোকেই সবকিছু হতে হবে।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে আবারও অরাজকতা তৈরির সর্বাত্মক চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, আন্দোলন–সংগ্রামের নামে ২০১৪-১৫ সালের মতো সহিংসতার পুনরাবৃত্তি কঠোরভাবে মোকাবিলা করা হবে। তাদের কোনো হরতাল–অবরোধ করতে দেওয়া হবে না।
মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, বিএনপির আন্দোলন মানেই ব্যর্থতার পুনরাবৃত্তি। গত ১৪ বছরে বিএনপি কোনো আন্দোলনে সফল হতে পারেনি। এবারও তারা ব্যর্থ হবে। ব্যর্থ হয়ে আবারও নতুন কর্মসূচি দেবে। এই ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি চলতেই থাকবে।
এর আগে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ মধুপুর। শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়টি এ অঞ্চলের আলোকোজ্জ্বল বিদ্যাপীঠ, যা আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। গত ৫০ বছরে এর সুনাম শুধু সারা দেশে নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আশা করি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, সাবেক অধ্যক্ষ মনসুর আলী, সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেন, সদস্যসচিব আবদুল আলীম প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নূর রহমান।