ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন

হলফনামায় অসত্য ও অসম্পূর্ণ তথ্যের ছড়াছড়ি

ঠাকুরগাঁও জেলার মানচিত্র
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের হলফনামা জমা দিতে হয়। এতে প্রার্থীকে পেশা, আয়, সম্পদসহ সাতটি বিষয়ে তথ্য দিতে হয়। কিন্তু ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের একাধিক প্রার্থী হলফনামায় অসত্য ও অসম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা যাচাই করে এ তথ্য মিলেছে।

ঠাকুরগাঁওয়ের নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ সভাপতি ইন্দ্রনাথ রায় প্রথম আলোকে বলেন, জনপ্রতিনিধিরা সৎ ও নিষ্ঠাবান হবেন—এটাই মানুষের চাওয়া। প্রার্থীদের হলফনামায় অসংগতি দেখে তাঁরা হতাশ হন। কমিশনও প্রার্থীদের এসব তথ্য যাচাই করে দেখে না, যা দুর্ভাগ্যজনক।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মু. সাদেক কুরাইশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে পাঁচটি ওয়ার্ডে সদস্যপদে ১৯ জন ও দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র দাখিল করার আগে একজন প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে শপথ করে এ হলফনামা দিতে হয়। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ অনুযায়ী হলফনামায় অসত্য ও অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারবেন।

হলফনামায় চেয়ারম্যান ও প্রত্যেক সদস্যকে তাঁর নিজের এবং পরিবারের সদস্যের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির লিখিত বিবরণ জমা

দিতে হবে। সেখানে ‘পরিবারের সদস্য’ বলতে চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সদস্যের স্ত্রী বা স্বামী ও তাঁর সঙ্গে বসবাসকারী এবং তাঁর ওপর নির্ভরশীল মা-বাবা, ভাই-বোন, ছেলে-মেয়েকে বোঝানো হয়েছে। কিন্তু বেশ কিছু প্রার্থী তাঁদের জমা দেওয়া হলফনামায় পরিবারের সদস্যদের আয় ও সম্পত্তির তথ্য দেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি মনতোষ কুমার দে বলেন, প্রার্থীদের হলফনামায় যেমন খুশি তেমন তথ্য দেওয়ার সুযোগ নেই। যাঁরা অবৈধভাবে সম্পদ অর্জন করে বিত্তবান হয়েছেন, তাঁদের মধ্যেই হলফনামায় তথ্য গোপন করা, অসত্য তথ্য দেওয়ার প্রবণতা বেশি। আর রাজনীতিতে এমন মানুষেরই প্রাধান্য বেশি। প্রার্থীদের হলফনামায় অসত্য তথ্য ও তথ্য গোপন করার বিষয়ে নির্বাচন কমিশন যথেষ্ট মনোযোগী নয়। কমিশন যদি তথ্য খতিয়ে দেখে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করত, তাহলে ভবিষ্যতে হলফনামায় যেনতেন তথ্য দেওয়ায় সবাই সতর্ক হতেন।

সংরক্ষিত ১ নম্বর নারী ওয়ার্ডের প্রার্থী হয়েছেন হরিহরপুর গ্রামের আফসানা আখতার। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁর হলফনামা ঘেঁটে দেখা গেছে, তিনি স্নাতক (সম্মান) পাস, পেশায় ব্যবসায়ী। ব্যবসা থেকে তিনি আয় দেখিয়েছেন ৩ লাখ ৮০ হাজার টাকা। তাঁর পাঁচ লাখ টাকা নগদ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে আরও ৫ লাখ ৫০ হাজার। কিন্তু তিনি তাঁর পরিবারের সদস্যদের আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবও দেননি। তাঁর স্বামী সৈয়দ মাসুদ রানা একজন পরিবহন ব্যবসায়ী ও ঠিকাদার। তাঁর নিজস্ব কয়েকটি ট্রাক রয়েছে। হলফনামায় আফসানা এগুলো উল্লেখ করেননি।

মাসুদ রানা বলেন, তাঁর স্ত্রী প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে তিনি অনেক কিছু বুঝতে পারেননি। তাই ফরম পূরণ করতে গেলে কিছু অসংগতি হতে পারে।

সংরক্ষিত নারী ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সুরাইয়া জেসমীন। নারী প্রার্থীদের মধ্যে তিনিই একমাত্র স্নাতকোত্তর পাস। হলফনামায় তিনি কোনো পেশা উল্লেখ করেননি। কিন্তু তিনি বালিয়াডাঙ্গী লাহিড়ী কলেজে শিক্ষকতা করেন। সে পদের বিপরীতে যে সম্মানী-ভাতা পেয়েছেন, তা–ও উল্লেখ করেননি। হলফনামায় তিনি স্বামীর কোনো আয় না দেখালেও তাঁর হাতে নগদ ৩ লাখ ১৫ হাজার ৫০০ এবং ব্যাংকে ৫ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন। পাশাপাশি স্বামীর নামে কৃষি, অকৃষিজমি, দালানবাড়িসহ একটি চালকল দেখিয়েছেন।

এ বিষয়ে সুরাইয়া জেসমীন বলেন, ‘মনোনয়নপত্রে আমার আয়, পেশা, স্বামীর পেশা এসব উল্লেখ করেছি। হলফনামায় আবার সেটা উল্লেখ করার প্রয়োজন পড়ে না। গত মেয়াদে এমন তথ্য দিয়েই সদস্য নির্বাচিত হয়েছিলাম।’

৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁও গ্রামের মশিউর রহমান। পেশায় একজন ব্যবসায়ী। হলফনামায় উল্লেখ করেছেন ব্যবসা থেকে তাঁর বছরে আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। ১ লাখ টাকা জমা আছে তাঁর। স্থাবর সম্পত্তি কিছু নেই বলে জানিয়েছেন। পরিবারের সদস্যদের কারও আয় বা সম্পদ দেখাননি। তবে পীরগঞ্জের অগ্রণী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা ঋণ নিয়েছেন। তবে স্থানীয় লোকজনের প্রশ্ন, এত টাকা ঋণ নিলে এর বিপরীতে কিছু সম্পদ দেখাতে হয়। সম্পদ না থাকলে কীভাবে এত টাকা ঋণ নিলেন?

মশিউর রহমান বলেন, ‘আমার যা আছে, হলফনামায় তাই উল্লেখ করেছি। কোনো কিছু গোপন করা হয়নি।’

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাবুল আকতার, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী আমির হুসেন, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী নুরুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল হামিদসহ কয়েকজনের হলফনামায় অসঙ্গতি পাওয়া গেছে।

জানতে চাইলে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রার্থীদের হলফনামা যাচাই করে দেখেছি। তেমন অসংগতি পাইনি।’ তিনি আরও বলেন, হলফনামায় তথ্য গোপন করা অপরাধ। কোনো প্রার্থী তাঁর হলফনামায় তথ্য গোপন করলে সংক্ষুব্ধ ব্যক্তি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।