রাজশাহী শিক্ষা বোর্ড

কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আজ সোমবার রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যায় দীর্ঘদিন আটকে ছিল এই পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। এ বছর বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৭১। গত বছরের তুলনায় এবার প্রায় ৯ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন। গত বছর ছিল ২৭ হাজার ৭০৯ জন। অর্থাৎ জিপিএ-৫ বাড়লেও পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ বছরের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম। এর আগে গত তিন বছরের ফলাফলে কখনো ৯০ শতাংশের নিচে পাসের হার নামেনি। গত ১০ বছরের মধ্যে ২০১৮ সালে পাসের কমে হয়েছিল ৮৬ দশমিক শূন্য ৭। গত ১০ বছরে সর্বোচ্চ ফলাফল হয় ২০১৪ সালে, ৯৬ দশমিক ৩৪ শতাংশ। এ ছাড়া ২০১৩ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক শূন্য ৩।

চলতি বছর ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এ বছরও মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে। চলতি বছর ৯৩ হাজার ৯১৪ জন নারীশিক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ১৭। তারা জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৩৭৫ জন। এ বছর ১ লাখ ১ হাজার ২১০ ছেলে পরীক্ষায় অংশ নেয়। তাদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ। তারা জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৪২ জন।

এ বছর ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ পাস করে ১৪৭টি স্কুলের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি—এমন স্কুলের সংখ্যা ২। পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ২৭০টি।

রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান প্রথম আলোকে বলেন, গত কয়েক বছর এই শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে। অনেক দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে শিক্ষাগ্রহণ বাদ ছিল অনেক দিন। তারা পাঠের মধ্যে ছিল না। এ কারণে পাসের হার এ বছর কমেছে বলে তাঁর ধারণা।