চাঁদপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার খাগুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ব্যক্তি হলেন মোটরসাইকেলের চালক মো. রাশেদ (২৪), মোটরসাইকেলের যাত্রী শান্ত মিয়াজী (২৭) ও ট্রলির চালকের সহকারী সেলিম মিয়া (২৮)। এ ছাড়া মোটরসাইকেলের আরেক যাত্রী মো. তানভীর (২২) গুরুতর আহত হয়েছেন। রাশেদ ও শান্ত মিয়াজীর বাড়ি উপজেলার খাগুরিয়া গ্রামে। এদিকে নিহত সেলিম মিয়ার বাড়ি উপজেলার চান্দ্রাকান্দি গ্রামে।

পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে রাশেদ, শান্ত ও তানভীর একই মোটরসাইকেলে উপজেলার বেলতলী এলাকা থেকে খাগুরিয়া এলাকার উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে মোটরসাইকেলটি খাগুরিয়া এলাকার প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ও ট্রলির চালকের সহকারী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় রাশেদ ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শান্ত, সেলিম ও তানভীরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শান্ত ও সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ রোববার সকালে নিহত রাশেদ, শান্ত ও সেলিমের লাশ নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রলি নিয়ে এর চালক পালিয়ে গেছেন। ওই ট্রলি ও চালককে আটকের চেষ্টা চলছে।