নিখোঁজ
নিখোঁজ

‘পরিবারে কিছু না বলে’ বাসা থেকে বের হন ব্যবসায়ী, তিন দিনেও মেলেনি খোঁজ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পরও এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিন দিন আগে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, তাঁর ব্যবহৃত মুঠোফোনের অবস্থান একটি এলাকায় দেখা গেছে।

ওই ব্যক্তির নাম দেলওয়ার হোসেন (৫০)। তিনি বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট (দাসপাড়া) গ্রামের বাসিন্দা। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার। উপজেলার সেতাবগঞ্জ পৌরসভা–সংলগ্ন মাদ্রাসা রোড টেম্পোস্ট্যান্ডের কাছে তাঁর একটি গোখাদ্যের দোকান আছে।

দেলওয়ার হোসেনের স্ত্রী সাইয়্যেদা হুসনা (৩৬) প্রথম আলোকে বলেন, প্রতিদিনের মতো শনিবার বেলা অনুমানিক সোয়া তিনটার দিকে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন দেলওয়ার। এ সময় তিনি কাউকে কিছু বলে যাননি।

সাইয়্যেদা হুসনার ভাষ্য, ‘আমি মনে করেছি, হয়তো দোকানের উদ্দেশে বের হয়েছে। কিন্তু রাত ৯টার পরও বাড়ি ফিরে না আসায় ফোন করি। পরে ফোন বন্ধ পাই, এ পর্যন্ত ফোন বন্ধ আছে। এরপর আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ করেছি, এলাকার লোকজনকে জানিয়েছি। কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। মেয়ে দুইটাকে নিয়ে আমি আতঙ্কের মধ্যে আছি।’

এ ঘটনার পরদিন গত রোববার বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দেলওয়ারের স্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ দেলওয়ারের মুঠোফোনের লোকেশন দেখিয়েছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়েছেন ওই ব্যক্তি। এরই মধ্যে তাঁর মুঠোফোনের কললিস্ট হাতে পাওয়া গেছে এবং অবস্থান নিশ্চিত হওয়া গেছে। দ্রুতই তাঁর কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।