বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হারুন ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুটি শিশু হলো মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবপ্রবাসী হওয়ায় তাঁর স্ত্রী দুই ছেলে-মেয়েকে নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।
নিহত শিশুদের মামা সাইফুল হোসেন বলেন, গতকাল ছাহাদ ও ছাফিয়াকে দুপুরের খাবার খাওয়ানোর পরে তাদের মা ভাত খেতে বসেন। ওই সময় তারা ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। না পাওয়ার পর বাড়ির পেছনের পুকুরে খোঁজাখুঁজি করলে দুজনের লাশ পাওয়া যায়। পরে তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।