
অন্যের ভুলে ছয় দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলাম (৪৭)। আজ মঙ্গলবার সকালে লালপুর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন সবকিছু শুনে তাঁকে সরাসরি মুক্তির আদেশ দেন।
নজরুল উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত আবদুল জব্বার শেখের ছেলে।
নজরুলের মা মোছা. তহিরন বেগম (৬৮) জানান, তাঁর ছেলে নজরুলসহ পাঁচজনের নামে জুয়া আইনে মামলা করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা সোহেল মাহমুদ। গত ২৪ মে দায়ের করা মামলায় নজরুল, হাবিল শেখ (৫৫), মো. ইউনুস (৪০) ও মো. আশিক সরদারকে (১৯) গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। ওই দিনই আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। মামলায় বাদী একই গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে মো. নজিরকে (৪৫) পলাতক আসামি হিসেবে দেখান। তিনি আদালতে হাজির না হওয়ায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানা তামিল করতে লালপুর থানার এসআই মো. আলিম গত বৃহস্পতিবার পুরাতন ঈশ্বরদী গ্রামে যান। তিনি আসামি নজিরকে না পেয়ে জামিনে থাকা আসামি নজরুলকে থানায় নিয়ে যান। পরের দিন শুক্রবার তাঁকে আসামি নজির হিসেবে আদালতে চালান দেন। এ সময় নজরুল বারবার পুলিশকে ভুলের কথা বললে তাঁকে অকথ্য গালিগালাজ করা হয়। ওই দিন আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নজরুলের আইনজীবী দীনাই তাছরিন বিষয়টি আদালতের নজরে আনলে আজ সকালে নজরুলকে লালপুর আমলি আদালতে হাজির করা হয়। আইনজীবী আসামি নজিরের পরিবর্তে নজরুলকে গ্রেপ্তার করে নিয়ে আসার বিষয়টি আদালতকে জানান। শুনানি শেষে আদালতের বিচারক নজরুলকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
মুক্তি পাওয়ার পর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি দিনমজুরি করে সংসার চালাই। আমার সংসারে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান আছে। জামিনে থাকা সত্ত্বেও এসআই আলিম আমাকে গ্রেপ্তার করে ছয় দিন কারাভোগ করালেন। আমার জানামতে নজির নামে আমাদের গ্রামে কেউ থাকেন না। পুলিশ ভুল করে ওই নামে মামলা করে আমাকে হয়রানি করেছে। আমার এই কারাভোগ ও আর্থিক ক্ষতির কী হবে?’
লালপুর আমলি আদালতের উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, নজরুলকে এলাকার অনেকে নজির নামে চেনেন। তাই হয়তো ভুল হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, গ্রেপ্তারের সময় নজরুল নিজেকে নজির হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাই পুলিশ কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করেছেন। দুজনই একই মামলার আসামি হওয়ায় বিভ্রান্তি হয়েছে। ভবিষ্যতে দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্কতার সঙ্গে আসামি গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হবে।