কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে পাশাপাশি পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আজ দুপুর ১২টায়
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে পাশাপাশি পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আজ দুপুর ১২টায়

দিনমজুরি করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা, আগুনে পুড়ে ছাই

স্ত্রী-সন্তানসহ ছয়জনের পরিবার নিয়ে টিনের ঘরে থাকতেন মো. জাগির হোসেন। মানুষের বাড়িতে দিনমজুরি করে যা আয় হয়, তা–ই দিয়ে কোনোমতে চলে অভাবের সংসার। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা। টানাটানির সংসারে এটুকুই ছিল তাঁর সঞ্চয়। ঘর আর আসবাবের সঙ্গে টাকাগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে পাশাপাশি পাঁচটি বসতঘর আগুনে পুড়ে গেছে। তার মধ্যে একটি ঘর জাগির হোসেনের। আক্ষেপের সুরে জাগির হোসেন বলেন, কাপড়চোপড় যা ছিল সব পুড়ে গেছে। জমানো টাকাগুলো দিয়ে ছেলেমেয়েদের জন্য কিছু শীতের কাপড় কেনার ইচ্ছা ছিল। এই তীব্র শীতে তাদের গরম কাপড়চোপড় নেই। এখন তো খোলা আকাশের নিচে থাকতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কোনো একটি ঘরের বিদ্যুৎ–সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বসতঘরের লোকজনের চিৎকারে আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এগিয়ে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই জাগির হোসেনের পাশাপাশি মো. কামাল, সাহাব মিয়া, হোছন আহমদ, খতিজা বেগমের ঘর আগুনে পুড়ে যায়। তবে দ্রুত লোকজন বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্ত খতিজা বেগমের (৬৫) স্বামী নুরুল আলম মারা গেছেন ১২-১৪ বছর আগে। তিনি বলেন, ‘ছেলেমেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। নিজেদের কোনো জমি না থাকায় বন বিভাগের ভিলেজারি জমিতে ঘর তুলে বসবাস করছিলাম। আজ আগুনে সেই ঘরও ধ্বংস হয়ে গেছে। পাশের বাড়ির এক আত্মীয়ের আশ্রয়ে রয়েছি এখন।’

ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, বাহারছড়ার হলবনিয়া এলাকায় বিদ্যুৎ–সংযোগ থেকে আগুন লেগে পাঁচটি পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাঁদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের কাছে জরুরি সহায়তা হিসেবে কম্বল ও খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।