ওরা একসঙ্গে ঘুরত-খেলত, চলেও গেল একসঙ্গে

বাড়ির দুই শিশুকে হারিয়ে স্বজনদের আহাজারি
ছবি: সংগৃহীত

আনাফ হোসেন ও হুমাইয়ারা জাহান মামাতো-ফুফাতো ভাই-বোন। দুজনের বয়স তিন বছর। সমবয়সী হওয়ায় গত ১৫ দিন তারা একসঙ্গে খেলেছে, খেয়েছে ও বেড়িয়েছে। রোববারও বাড়ির পাশের বড়াল নদের তীরে খেলছিল তারা। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এ ঘটনা ঘটে। আনাফ হোসেন উপজেলার চৌমুহন গ্রামের সোহেল রানার ছেলে ও হুমাইয়ারা জাহান পাবনা জেলার ফরিদপুর উপজেলার থানাপাড়া এলাকার একরামুল আলম নয়নের মেয়ে।

আনাফের দাদি ও হুমাইয়ারার নানি শিল্পী বেগম বলেন, সম্প্রতি হুমাইয়ারা তাঁদের বাড়িতে বেড়াতে আসে। ১৫ দিন তারা একে অপরের সঙ্গ ছাড়েনি। এভাবে তাদের চলে যাওয়া তিনি মেনে নিরতে পারছেন না। মনে হচ্ছে, নাতি–নাতনি তাঁর কাছে ছুটে আসবে। তাঁর বাড়ির সব আনন্দ এক নিমেষে শেষ হয়ে গেল।

গৃহকর্তা মিজানুর রহমান বলেন, ‘দুজন সারা দিন বাড়ি মাতিয়ে রাখত। এখন আমাকে দাদা-নানা বলে কে ডাকবে?’

সন্তানদের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন সোহেল রানা ও একরামুল আলম। একরামুল আলম মুঠোফোনে বলেন, ‘১৫ দিন আগে মেয়ে নানাবাড়ি যাওয়ার বায়না ধরে। তখন আমি আমার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ঘুরে আসার জন্য বলি। সেখানে মামাতো ভাইকে পেয়ে খুব আনন্দে দিন কাটছিল আমার মেয়ের। কিন্তু এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে ভাবি নাই।’

প্রতিবেশী সিরাজ বলেন, শিশু দুটি সব সময় একসঙ্গে থাকত। তারা চলেও গেল একসঙ্গে। তাঁদের গ্রামে শোক নেমে এসেছে এ ঘটনায়।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।