চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ৫ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ১

মাদক
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ৫ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোররাত সোয়া চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চররানীনগর গ্রামে অভিযান চালিয়ে র‍্যাব ওই ব্যক্তিকে আটক করে। আজ দুপুরে র‍্যাব রাজশাহীর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. হুমায়ুন কবির (৩৭)। তিনি চররানীনগর গ্রামের মো. দামেজ উদ্দিনের ছেলে। হুমায়ুন কবিরের কাছ থেকে উদ্ধার করা পাঁচ কেজি হেরোইনের মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে দাবি করছে র‍্যাব।

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে, হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ভারত সীমান্ত এলাকা থেকে সাত থেকে আট কেজি হেরোইন সংগ্রহ করেছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের তিনটি দল নদীপথ অতিক্রম করে ছদ্মবেশে অবস্থান নেয়। পরে গতকাল রাতে র‍্যাব হুমায়ুনের বাড়ি ঘেরাও করে তাঁকে আটক করে। পরে হুমায়ুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর কক্ষের খাটের নিচ থেকে একটি ব্যাগে থাকা পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ১টি মুঠোফোনসহ ৫৭ হাজার টাকাও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি মাদক চোরাচালান চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য চোরাচালান করে সীমান্তবর্তী দুর্গম চর এলাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঢুকছে। পরে ওই মাদক রাজশাহী হয়ে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে।

চররানীনগর গ্রামটি পদ্মার দুর্গম চর এলাকায় হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। এ কারণে মাদক চোরাচালান চক্র এলাকাটিকে মাদক সংগ্রহ করে প্রাথমিক সংরক্ষণের এলাকা হিসেবে ব্যবহার করছে। তবে মাদকের সন্ধানে র‍্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষণিকভাবে পরিচালনা করে আসছে।

হুমায়ুন আটকের পর র‍্যাবকে জানিয়েছে, তাঁর সঙ্গে ৮-১০ জন আছেন। তাঁরা ভারত থেকে কৃষকের বেশে বা মাঝি বেশে হেরোইন আনেন। হুমায়ুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।