রাজশাহীর পবায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী খড়খড়ি বাইপাস মোড় এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে
ছবি: প্রথম আলো

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি বাইপাস এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক বিভাগ ও পবা উপজেলা প্রশাসন। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

অভিযান সূত্রে জানা গেছে, খড়খড়ি বাইপাস এলাকায় রাস্তার দুই পাশে ৯০ ফুট করে ১৮০ ফুট জায়গা সড়ক বিভাগের। এই জায়গায় অবৈধভাবে দখল করে বানানো হয়েছিল দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এগুলোর মধ্যে পাকা ও আধা পাকা স্থাপনাও ছিল। অবৈধভাবে দখল হওয়া জমি ফেরতে সড়ক বিভাগ প্রতিকার চেয়েছিল। সে অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলের নির্দেশনায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছিল। এ ছাড়া মাইকিংও করা হয়েছিল।

অভিজিত সরকার বলেন, ওই এলাকায় সড়কের দুই পাশে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা ছিল। এ ছাড়া এলাকাটিতে একটি নদীর শাখা দখলের অভিযোগে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছিলেন। এসব জায়গার স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে। মোটামুটিভাবে সড়কের আধা কিলোমিটার জায়গা পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। এতে ৫০টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী শাহ মো. আসিফ, নাহিমুর রহমান, সার্ভেয়ার মিল্লাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই অভিযানে সহযোগিতা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।