
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী তিথিতে আজ রোববার সকালে চট্টগ্রামে কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাথরঘাটার একটি মণ্ডপেই ১১ কুমারীর পূজা হয়।
আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের পাথরঘাটা হরচন্দ্র মুন্সেফ লেনের শ্রীশ্রী রাধাগোবিন্দ, শান্তনেশ্বরী মাতৃমন্দির, রাজাপুর লেনের পঞ্চমাতা বিগ্রহ বাড়ি ও সেবাশ্রমে কুমারীপূজা শুরু হয়। একই সঙ্গে সীতাকুণ্ডের ভোলানন্দগিরি সেবাশ্রমেও অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা।
পাথরঘাটার শান্তনেশ্বরী মণ্ডপের পুরোহিত শ্যামানন্দ দাস বলেন, দেবী দুর্গার আরেক নাম কুমারী। সনাতন ধর্ম মতে, বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয় সাধিত হচ্ছে; সেই ত্রিবিধ শক্তিই কুমারীতে নিহিত আছে। কুমারীরূপেই মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন। কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। কুমারীপূজা মানে প্রকৃতির পূজা।
শাস্ত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন বয়সের কুমারীকে ভিন্ন ভিন্ন নামে পূজা দেওয়া হয়। রাজাপুর লেনের পঞ্চমাতা বিগ্রহ বাড়িতে পাঁচ বছরের রিতিকা সাহাকে ‘সুভগা’ নামে পূজা করা হয়। বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নার্সারির ছাত্রী রিতিকা নন্দনকাননের ব্যবসায়ী রুবেল সাহার মেয়ে। পৌরোহিত্য করেন প্রেমময়ানন্দ ব্রহ্মচারী।
পাথরঘাটার শান্তনেশ্বরী মণ্ডপে ১১ জন কুমারীকে পূজা করা হয়। তাঁদের মাতৃরূপে পূজা করেন মন্দিরের পুরোহিত শ্যামানন্দ দাস। এই মণ্ডপে ‘ভৈরবী’ নামে পূজিত হয় পটিয়ার পূজা দাশ, ‘রুদ্রাণী’ নামে পূজিত হয় রাউজানের গুজরার অস্মিতা সেন, ‘অপরাজিতা’ নামে পূজিত হয় রাউজানের কৃত্তিকা চৌধুরী, নগরের বাকলিয়া কে বি আমান আলী সড়কের সুভদ্রা বিশ্বাস ও আনলোল বণিক পূজিত হয় ‘কালসন্দর্ভা’ নামে। বোয়ালখালীর পৌষালি রায় চৌধুরী এবং সাতকানিয়ার দক্ষিণ রায়পুরের প্রীতি ধর পূজিত হয় ‘কুজ্বিকা’ নামে।
এ ছাড়া ‘মালিণী’ নামে পূজিত হয় সাত বছর বয়সী চার শিশু। তারা হলো নগরের সতীশ বাবু লেনের নিভৃতি দত্ত, সাতকানিয়ার তিথী দাশ, আনোয়ারার অদ্রিতা বিশ্বাস এবং রাউজানের অদ্রিতা চৌধুরী। কুমারীপূজা দেখতে মন্দিরে মন্দিরে ভক্ত সাধারণের ভিড় ছিল। পূজা শেষে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।
সীতাকুণ্ডের ভোলানন্দগিরি সেবাশ্রমেও কুমারীপূজা অনুষ্ঠিত হয়েছে। এই মন্দিরে এবার ‘কুমারী মা’ হয় সায়ন্তিকা বসু রায় চৌধুরী। এবার সায়ন্তিকা অপরাজিতা নামে পূজিত হয়েছে। টুকটুকে লাল শাড়ি, নানা রকমের গয়নায় সুসজ্জিত হয়ে পূজামণ্ডপে আনা হয় কুমারী মাকে। দ্বিতলবিশিষ্ট একটি কারুকাজ খচিত আসনে তাকে বসানো হয়।
চারদিকে তখন অগণিত মানুষের ভিড়। মন্দির প্রাঙ্গণের নির্দিষ্ট আসন ছাড়িয়ে আশপাশের ফাঁকা জায়গায় মানুষ ভিড় করেন পূজা দেখতে। কুমারী মা আসনে বসার পর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। কিছুক্ষণ পর ফল ভোগ দেওয়া হয়। বেলা দেড়টার দিকে দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কুমারীপূজার সমাপ্তি হয়।
সায়ন্তিকা বসু রায় চৌধুরী ঢাকার বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঢাকার শাঁখারীবাজার এলাকায় কেবল অপারেটর ব্যবসায়ী মন্টি কুমার বসুরায় চৌধুরী ও মা বিথী বসু রায় চৌধুরীর বড় মেয়ে সে।
ভোলানন্দ গিরি সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ বলেন, শাস্ত্রমতে কুমারীপূজা শুরু হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। বানাসুর একসময় স্বর্গ-মর্ত্য দখল করে অত্যাচার শুরু করলে বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সেই দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারীপূজার প্রচলন শুরু হয়।