ডাকাতিতে সহায়তা, মেহেন্দীগঞ্জে আ.লীগের ৫ নেতা-কর্মী দল থেকে বহিষ্কার

বরিশাল জেলার মানচিত্র
বরিশাল জেলার মানচিত্র

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার ডাকাত দলের প্রধানের মুখে সহযোগী হিসেবে ক্ষমতাসীন দলের পাঁচ নেতা-কর্মীর নাম প্রকাশিত হওয়ার পর তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দীন খান বলেন, বহিষ্কৃত ব্যক্তিদের বিরুদ্ধে সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় জরুরি সভা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, সম্প্রতি একজন ডাকাত সরদার পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই ব্যক্তি তাঁর সহযোগী হিসেবে ওই পাঁচজনের নাম বলেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতা-কর্মীরা বলেন উপজেলার দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছালাম দেওয়ান, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাহিদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারেফ আকন, কর্মী বাচ্ছু মিয়া ও কাশেম দেওয়ান।

সদ্য বহিষ্কৃত দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসামূলক। ডাকাত দলের প্রধান নাঈম যা বলেছেন, তা রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁকে দিয়ে এটা বলানো হয়েছে। আমি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী বলে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ছড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, কয়েক মাস আগে কামাল খানের লোকেরা তাঁকে মারধর করেন। তখন থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। এরপর এর প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেছিলেন তিনি। মূলত এর জেরে নাঈমকে দিয়ে এসব বলানো হয়েছে।

অভিযোগের বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এটা সত্য নয়। তিনি না হয় সংসদ সদস্যের অনুসারী, কিন্তু মোশারেফ তো ওনার বিপক্ষের অনুসারী। তাহলে ওনার নাম বলল কীভাবে? আসলে এটা উনি নিজের মনগড়া কথা বলেছেন। আমি পেশাদারির বাইরে কোনো কাজ করি না।’

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর তীরবর্তী হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতেরা কখনো লোকালয়ে, আবার কখনো মেঘনা ও শাখা নদীতে হানা দিয়ে মানুষের সম্পদ লুট করে। সম্প্রতি ডাকাতদের ধরতে বিশেষ অভিযানে নামে মেহেন্দীগঞ্জ থানা-পুলিশ। ডিসেম্বরের শুরুতে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর ডাকাত দলের প্রধান নাঈম দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। মেহেন্দীগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়নের চুন্নু দেওয়ানের ছেলে নাঈমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ১৪টি মামলা আছে।

সূত্র জানায়, নাঈমকে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ডাকাত দলের সহযোগী হিসেবে ক্ষমতাসীন দলের স্থানীয় পাঁচ নেতা-কর্মীর নাম প্রকাশ করেন। নাঈমকে গ্রেপ্তারের পর মেহেন্দীগঞ্জে যান বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। তাঁর উপস্থিতিতে সাংবাদিকদের সামনে নাঈম পাঁচ নেতার নাম বলেন। ওই সময় নাঈমের স্বীকারোক্তির ভিডিও ধারণ করেন এক সাংবাদিক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষমতাসীন দলের নেতাদের নাম বলছেন নাঈম। তাঁদের নিয়মিত ডাকাতির ভাগ দেওয়ার পাশাপাশি মাসিক ভিত্তিতেও টাকা দিতে হতো বলে তথ্য দেন নাঈম।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মেহেন্দীগঞ্জে তুমুল আলোচনা শুরু হয়। এরপর আওয়ামী লীগের দলের নেতারা আজ সন্ধ্যায় জরুরি সভা করে ওই পাঁচজনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আহমেদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।