
নোয়াখালী জেলা শহর মাইজদীতে কামরুল হাসান ওরফে জোবায়ের (১৮) নামের এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তিন ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।
আটক চারজনের মধ্যে দুজন কিশোর ও অন্য দুজন তরুণ। দুই তরুণ হলেন চন্দ্রপুর গ্রামের বাদশা আলমের ছেলে বোরহান উদ্দিন ওরফে রাকিব (২২) ও আশরাফুল ইসলাম ওরফে পিয়াস (১৯)। আটক দুই কিশোর একই এলাকার বাসিন্দা।
জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে থানা ও জেলা পুলিশের একাধিক দল তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একে একে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার দুপুর নাগাদ আদালতে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার বিকেল চারটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কামরুল হাসানের সঙ্গে একই এলাকার এক কিশোরের (১৬) ‘সিনিয়র-জুনিয়র’ বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় কামরুল ওই কিশোরকে চড়-থাপ্পড় দেন। পরে ওই কিশোর বিষয়টি তার বড় ভাই বোরহান উদ্দিন ও আশরাফুল ইসলামকে জানায়।
পুলিশ জানায়, বিকেলের ঘটনার জের ধরে বোরহান ও আশরাফুল তাঁদের আরও কয়েকজন সহযোগীকে নিয়ে কামরুলের বাসার কাছাকাছি এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামরুল স্থানীয় একটি দোকান থেকে বাসায় ফেরার পথে বোরহান ও আশরাফুলসহ তাঁদের সহযোগীরা কামরুলের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় হামলাকারীদের একজন কামরুলের ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে কামরুল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন কামরুলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কামরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর রাত সাড়ে নয়টার দিকে কামরুলের মৃত্যু হয়।
নিহত কামরুলের মা জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল মাগরিবের নামাজের পর আরাফাত হোসেন ওরফে লাদেন নামের এক সহপাঠী জোবায়েরকে ফোন করে বাসা থেকে ডেকে নেন। কিছুক্ষণ পর বাসা থেকে আনুমানিক ১০০ গজ দূরে সড়কের ওপর রক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর ভাই বাসায় এসে জোবায়েরের কথা জিজ্ঞেস করেন। তখন তাঁরা ফোন দিয়ে জোবায়েরের মুঠোফোন বন্ধ পান। পরে আশপাশের লোকজনের কাছ থেকে শোনেন তাঁর ছেলেকে কয়েকজন তরুণ ছুরিকাঘাত করেছেন।
কামরুল জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের কামাল হোসেনের ছেলে। শহরের চন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় তাঁরা থাকেন। কামরুল শহরের সোনাপুর এলাকার আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।