ঘিওর আওয়ামী লীগে ‘পারিবারিক কমিটি’ নিয়ে ক্ষোভ–অসন্তোষ

  • আট মাস পর গত ৩০ জুলাই উপজেলা আওয়ামী লীগের ১০৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী, মাসহ কয়েকজন আত্মীয়স্বজন পদ পেয়েছেন। একইভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আত্মীয়স্বজনকেও কমিটিতে রাখা হয়েছে। ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও স্বজনপ্রীতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তৃণমূলের নেতা–কর্মীদের দাবি, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি। কেউ কেউ এ কমিটিকে ‘পারিবারিক কমিটি’ বলে আখ্যা দিয়েছেন। এই কমিটি নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের ক্ষোভ দেখা দিয়েছে। কমিটির বিষয়ে গত তিন দিনে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কমিটির প্রসঙ্গ উঠতেই অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের দাবি— কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়নি।

নবগঠিত এই কমিটিতে সদস্যদের মধ্যে প্রথমে রয়েছেন স্থানীয় (মানিকগঞ্জ-১ আসন) সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। এ কমিটিতে তাঁর স্ত্রী, মা, ভাই, চাচা ও চাচাতো ভাইকে সদস্যপদ দেওয়া হয়েছে। কমিটির তালিকায় দেখা যায়, ৪ নম্বর সদস্যপদে সংসদ সদস্যের মা জেলা মহিলা লীগের সাবেক সভাপতি নীনা রহমান, ৫ নম্বর সদস্যপদে তাঁর চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান, ১২ নম্বর সদস্যপদে তাঁর ভাই এ এম নূরুর রহমান ওরফে দুর্বার, ১৩ নম্বর সদস্যপদে তাঁর স্ত্রী ফারহানা রহমান ওরফে হ্যাপি এবং ৩১ নম্বর সদস্যপদে চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান ওরফে জনি রয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের কমিটির বিষয়ে কথা বলতে বুধ ও বৃহস্পতিবার নাঈমুর রহমানের মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

কমিটিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে সদস্যপদে রয়েছেন। এ ছাড়া যুগ্ম সাধারণ পদে তাঁর ভায়রার ছেলে প্রভাষক কামরুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তাঁর অপর ভায়রার ছেলে আনিসুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক পদে চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন এবং ১৫ নম্বর সদস্যপদে ভাতিজা সাঈদ হাসান সরোয়ার রহমান রয়েছেন।

‘এটা পারিবারিক কমিটি হয়েছে। এমপির (সংসদ সদস্য), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পরিবারের সদস্য এবং স্বজনদের নিয়ে এ কমিটি করা হয়েছে। এই চারজনে কমিটি ভাগ করে নিয়ে গেছেন।’
মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমানের বেশ কয়েকজন স্বজনও রয়েছেন কমিটিতে। সভাপতির ছেলে আজিম মিয়া ওরফে জনকে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসী আপন ছোট বোন জেসমিন আক্তার ওরফে কহিনুরকে সদস্য (১৬ নম্বর সদস্য) পদ দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ সম্পাদক হামিদুর রহমানের চাচাতো ভাই তানভীর আহমেদ ওরফে জয় এবং উকিল মেয়েজামাই রেজাউল করিম ওরফে শাহীনকে সদস্যপদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আবদুল আলীম বলেন, ‘আমার ছেলে ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী আমার বোন একসময় ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের রাজনীতি করেছেন। রাজনৈতিক কোঠায় তাঁরা পদ পেয়েছেন।’ হামিদুর রহমান বলেন, ‘কমিটিতে পরিবারের সদস্য থাকলে কী হবে, তাঁরা তো রাজনীতির সঙ্গেই জড়িত। এটা তো দোষের কিছু নয়।’

উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটা পারিবারিক কমিটি হয়েছে। এমপির (সংসদ সদস্য), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পরিবারের সদস্য এবং স্বজনদের নিয়ে এ কমিটি করা হয়েছে। এই চারজনে কমিটি ভাগ করে নিয়ে গেছেন।’

তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, ওপরের পর্যায়ের নেতাদের যেসব স্বজনকে কমিটিতে রাখা হয়েছে, তাঁদের অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বিগত সময়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতেও তাঁদের অংশগ্রহণ ছিল না। শুধু স্বজনপ্রীতির কারণেই তাঁরা কমিটিতে পদ পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আবদুল আলীম ও সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপর আট মাস পর গত ৩০ জুলাই উপজেলা আওয়ামী লীগের ১০৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্য ও অযোগ্য লোকদের দিয়ে কমিটি করা হয়েছে। এতে দলের তৃণমূলের ত্যাগী ও যোগ্য নেতারা কমিটিতে স্থান পাননি।

কোনো পরিবার বা গোষ্ঠীর জন্য নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতি বলে মন্তব্য করলেও ঘিওর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষেই সাফাই গাইলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, ‘ছাত্রলীগ থেকে শুরু করে তাঁরা (স্বজনেরা) আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। যোগ্যতার ভিত্তিতেই তাঁরা কমিটিতে স্থান পেয়েছেন।’