
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এতে গত ১৪ বছরে নদীকেন্দ্রিক জীবন ও জীবিকা অন্য মাত্রায় চলে গেছে। এমন মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্দ্বিধায় বলতে পারি, সদরঘাট এখন ফিটফাট। ৪১টি নদীবন্দরকেন্দ্রিক জীবন-জীবিকা আরও এগিয়ে যাবে। সদরঘাট দিয়ে শুরু হলো। প্রতিটি নদীবন্দরকে জনবান্ধব ও আধুনিক বন্দর হিসেব গড়ে তুলতে চাই।’
আজ রোববার সন্ধ্যায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল ভবন-২-এ ‘বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, নদীবন্দরগুলো আরও বেশি সুন্দর ও মনোরম হবে। মহান মুক্তিযুদ্ধে জয়ী হতে নদীগুলো সাহায্য করেছে। নদীগুলো ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকারে চলে গিয়েছিল। সেখান থেকে দেশকে এগিয়ে নিতে আলোর দিশারি হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট করে গড়ে তোলা হবে।
জানা যায়, বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্টটি পরিচালনা করছে পাওয়ারবিটস লিমিটেড। রেস্টুরেন্টে অতিথিদের জন্য থাকছে এরাবিয়ান, মোগল, কন্টিনেন্টাল, পুরান ঢাকার খাবারসহ কাবাব ও সিফুড স্টেশন। খাবারের পাশাপাশি উপভোগ করা যাবে পুরান ঢাকার ২০০ বছরের ঐতিহ্যবাহী নদীবন্দর সদরঘাট এবং এর পারিপার্শ্বিক নান্দনিক সৌন্দর্য।
পাওয়ারবিটস লিমিটেডের চেয়ারম্যান সেলিম শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, একাত্তর টিভির এমডি ও সিইও মোজাম্মেল হক প্রমুখ।