গুরুদাসপুর থানা থেকে হারিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ফেরত নেন প্রবাসীর স্ত্রী ঝর্ণা বেগম। সোমবার সন্ধ্যায়
গুরুদাসপুর থানা থেকে হারিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার ফেরত নেন প্রবাসীর স্ত্রী ঝর্ণা বেগম। সোমবার সন্ধ্যায়

পুলিশের হস্তক্ষেপে ৯ ভরি স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন প্রবাসীর স্ত্রী

পুলিশের হস্তক্ষেপে নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী হারিয়ে যাওয়া ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা অল্প সময়ের মধ্যে ফিরে পেয়েছেন। স্বর্ণালংকার ও টাকা ওই নারীকে বহনকারী একটি ভ্যানের চালকের কাছ থেকে পাওয়া যায়। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামে।

গুরুদাসপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামের সৌদিপ্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৩৫) গতকাল বেলা ১১টার দিকে নয়াবাজার থেকে বাবার বাড়ি চলনালী গ্রামে যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত একটি শপিং ব্যাগে থাকা ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা হারিয়ে ফেলেন। তিনি চাঁচকৈড় গারিষাপাড়া এলাকার ভ্যানচালক ওহাব আলীর ভ্যানে করে যাচ্ছিলেন।

ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নির্দেশনায় গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান দ্রুত পদক্ষেপ নেন। একপর্যায়ে ওই ভ্যানচালকের কাছেই হারানো মালামালের সন্ধান পাওয়া যায়। পরে তিনি মালামাল ফেরত দিতে বাধ্য হন। গতকাল সন্ধ্যায় এসআই আবদুল হান্নান ভুক্তভোগীর কাছে ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮৮ হাজার টাকা বুঝিয়ে দেন। এতে প্রবাসীর পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে ভুক্তভোগী ঝর্ণা বেগম বলেন, ‘প্রথমে আমাদের কাছে স্বর্ণালংকার পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন ওই ভ্যানচালক। পরে পুলিশের হস্তক্ষেপে তিনি সবকিছু ঠিকঠাক ফেরত দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’