বৈষম্যবিরোধী আন্দোলন

মাঠে নামেনি আওয়ামী লীগ, ছাত্রদের গণজমায়েত

আওয়ামী লীগের নগর কার্যালয়, উত্তর জেলা ও দক্ষিণ জেলা কার্যালয় ছিল তালাবদ্ধ। কোনো নেতা-কর্মী দেখা যায়নি।

পতিত স্বৈরাচার ও তাদের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে চট্টগ্রামে গণজমায়েত ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার বিকেলে নগরের চকবাজার এলাকায় প্যারেড ময়দানের সামনে থেকে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল শনিবার রাতে গণজমায়েতের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

বেলা তিনটায় এ কর্মসূচি ঘোষণা করা হলেও এর আরও আধা ঘণ্টা আগ থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে তিনটা নাগাদ কয়েক শ শিক্ষার্থী প্যারেড ময়দানের আশপাশে জড়ো হন। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তাঁরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সহসমন্বয়ক খান তালাত মাহমুদ সমাবেশে যোগ দেন। একপর্যায়ে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় মিছিল নিয়ে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যোগ দেন। মিছিলটি জামালখান, চেরাগী মোড়, আন্দরকিল্লা, কোতোয়ালি হয়ে বিকেল পাঁচটার দিকে নিউমার্কেট মোড়ে শেষ হয়।

নিউমার্কেট মোড়ে রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ ছাড়াও বক্তব্য দেন গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী জাহিন জামান, জুনাইদুল ইসলাম ও লাবিব মোরশেদ। এ সময় তাঁরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন। তাঁরা বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত হলেও তারা এখনো ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

গত শনিবার শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে। এর প্রতিবাদে রোববার সকাল থেকে রাজধানীর নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামেও গণজমায়েত ও মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগের কোনো মিছিল বা সমাবেশ হয়নি। নগরের দারুল ফজল মার্কেটের আওয়ামী লীগের নগর কমিটির কার্যালয়, দোস্ত বিল্ডিংয়ের উত্তর জেলা ও হাজারি গলির পাশের দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় ছিল তালাবদ্ধ। কোনো নেতা-কর্মী দেখা যায়নি। কোথাও ঝটিকা মিছিলও বের হয়নি। কার্যালয়গুলোর সামনে পুলিশের নিরাপত্তা দেখা গেছে।

এদিকে মিছিল চলাকালে নগরের কলেজ রোড, জামালখান মোড়, চেরাগী মোড়, আন্দরকিল্লা, নিউমার্কেটসহ কয়েকটি রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে প্রতিটি মোড়েই ট্রাফিক পুলিশের অবস্থান দেখা গেছে। নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, নিরাপত্তার জন্য মিছিলের সামনে-পেছনে পুলিশের দল ছিল। এ ছাড়া ব্যস্ত এলাকাগুলোতে নিয়মিত যেমন পুলিশ থাকে, তেমন ছিল। ট্রাফিক সদস্যরাও ছিলেন।