
রাজশাহীর পবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর বহরমপুর এলাকার শাহীন (৪০), একই এলাকার সোহাগ (২৮) ও কাঁঠালবাড়িয়া এলাকার রাকিব (২৬)।
পবার কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, রাজশাহী শহর থেকে একটি মোটরসাইকেলে ওই তিনজন পবার দর্শনপাড়ায় এসেছিলেন। দর্শনপাড়া এলাকার একটি দোকানে ভালো হাঁসের মাংস পাওয়া যায়। তাঁরা ওই দোকানে খেয়ে রাজশাহীতে ফিরে যাচ্ছিলেন। পথে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রডবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীন ও রাকিব মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর সোহাগের মৃত্যু হয়।