খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুলনায় পুলিশ পরিচয় দিয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬–এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গতকাল বুধবার গভীর রাতে খুলনা নগরের আড়ংঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬), একই এলাকার রাসেল (২২), দৌলতপুর থানা এলাকার আজিজুর রহমান ওরফে মিঠু (৪০) ও দিঘলিয়া এলাকার জিহাদ মুন্সি (২৪)।

র‌্যাব কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, গত মঙ্গলবার বিকেলে ওই স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে সন্ধ্যায় নগরের বাইপাস মোড় থেকে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গতি রোধ করেন। তাঁরা ভয়ভীতি দেখিয়ে ওই নারীর স্বামীকে একটি স্থানে আটকে রাখেন। রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত পাশের একটি বাসার ছাদে ওই চারজন ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। এ সময় আসামিরা মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। ধর্ষণের ঘটনাটি কোথাও জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গভীর রাতে ওই নারীকে তাঁরা রাস্তায় নিয়ে ছেড়ে দেন। পরে ওই নারী বিষয়টি তাঁর স্বামীকে জানান। তাঁর স্বামী তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। এ ঘটনায় ওই নারী আড়ংঘাটা থানায় একটি দলবদ্ধ ধর্ষণ মামলা করেন।

র‌্যাব জানায়, ঘটনাটি জানতে পেরে অভিযানে নামে র‍্যাব। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। গতকাল রাত তিনটার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে মুঠোফোন উদ্ধার করা হয়। মুঠোফোনে ধর্ষণের ঘটনার ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।