
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীদের দাবি, সমাবেশ চলাকালে উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ওলামা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ তাঁদের ওপর হামলা চালান। এতে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন, কার্যকরী কমিটির সদস্য দিবালোক সিংহ, জেলা সিপিবির সভাপতি নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদারসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলার শিকার সিপিবির কেন্দ্রীয় সদস্য চিকিৎসক দিবালোক সিংহ প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলামা লীগসহ সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকেরা সমাবেশস্থলে এসে হামলা-ভাঙচুর চালান। এ সময় কলমাকান্দা থানার ওসির উপস্থিতিতে পুলিশও আমাদের লাঠিপেটা শুরু করে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আমিসহ ২০ জন নেতা-কর্মী আহত হয়েছি। আহতরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই।’
প্রত্যক্ষদর্শী, দলীয় নেতা-কর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, জ্বালানি তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিকেলে উপজেলা সিপিবি সমাবেশের আয়োজন করে। বেলা পৌনে ৩টার দিকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে যান। সেখানে সমাবেশ শুরু হলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিত সরকার, ওলামা লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. রুকনুজ্জামানের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় পুলিশও সিপিবির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সমাবেশস্থলের চেয়ার, মাইক ভাঙচুর করেন ও ব্যানার ছিঁড়ে ফেলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, সরকারের বিরুদ্ধে সিপিবির নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করছিলেন। তাঁদের নিষেধ করা হয়েছে। তবে তাঁদের ওপর কোনো হামলা করা হয়নি। এ কথা বলে তিনি ফোন রেখে দেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ বলেন, সরকারি দল ও সিপিবির নেতা-কর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছিল। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে।