বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম মনিরুল ইসলাম শেখ (৩২)। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। মনিরুলের বাবার নাম জিন্দার আলী শেখ।

প্রত্যক্ষদর্শী আজাদ রহমান বলেন, মনিরুল ভ্যান নিয়ে বালিয়াকান্দি উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তিনি চরফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বালিয়াকান্দি থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মনিরুল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভ্যানচালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান রিপন বলেন, ঘটনার পর থেকে ট্রাকচালক ও তাঁর সহকারী পলাতক আছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।