পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা ‘ঈদ সালামি’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নগরের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করতেই বিশেষ উপহার প্রধানমন্ত্রী দিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের অনুদানের চেক সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর হাতে তুলে দেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, সারা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখ গভীরভাবে উপলব্ধি করেন এবং তাঁদের পাশে দাঁড়ান। আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরবাসীর কল্যাণ ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে তিনি বিভিন্ন সময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন। পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উদ্যাপনে এই অনুদান তাঁর মানবিক নেতৃত্বের আরেকটি দৃষ্টান্ত।
পরে আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার গঠনের অল্প দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক মানবিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হচ্ছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকেও প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা গভীরভাবে ভাবছেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীসহ দেশের ১২টি সিটি করপোরেশনে কর্মরত ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রী অনুদান হিসেবে দিয়েছেন। পবিত্র ঈদুল ফিতরের আগেই এসব অনুদানের টাকা পরিচ্ছন্নতাকর্মীদের হাতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রশাসকেরা তুলে দেবেন।