বরিশালের উজিরপুরে মাদ্রাসায় এক আবাসিক ছাত্র জ্বর, খিঁচুনি ও বমি হয়ে হঠাৎ মারা গেছে। এ ঘটনায় এলাকায় হাম (মিজলস) নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক অসুস্থতাজনিত মৃত্যু হতে পারে।
আজ বুধবার ভোরে উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে ওই ছাত্রের মৃত্যু হয়। মাদ্রাসার শিক্ষকেরা জানান, মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়াছিন আরাফাতের (১২) ভোরে হঠাৎ তীব্র জ্বর ও খিঁচুনি হয়। সে বমি করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সকালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াছিন আরাফাত উজিরপুরের ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, বুধবার সকাল আনুমানিক সাতটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে দেখা যায় তার আগেই মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। এটি হামজনিত মৃত্যু কি না, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষার প্রয়োজন হবে। একই সঙ্গে তিনি আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু।