
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতির সময় একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম ইসমাইল হোসেন (৫০)। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের নোয়াজী হাজি নাতির বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াজী হাজি নাতির বাড়ির বিবি কুলসুম এবং একই বাড়ির তাজ নাহার বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে রাত আটটার দিকে আবার এ নিয়ে দুই পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে ইসমাইল হোসেন অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসমাইল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে আমার বাবার দূর সম্পর্কের চাচাতো ভাই আবদুল মালেক ও তাঁর ছেলে বাবার ওপর হামলা চালায়। এ সময় তাদের আরও কয়েকজন আত্মীয়স্বজন সঙ্গে ছিল। তাদের মারধরে আমার বাবা মারা যান।’
তবে মারধরের অভিযোগের বিষয়ে জানার জন্য আবদুল মালেক ও তাঁর ছেলের বক্তব্য নিতে গেলে তাঁদের এলাকায় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁরা এলাকায় নেই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরের বাহ্যিক অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা প্রক্রিয়াধীন।