রাতে জাহাজভাঙা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাক ও এক্সকাভের জব্দ

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালিয়ে দুটি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা ঘাটগড় এলাকায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ড নামে একটি কারখানায় অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওডব্লিউডব্লিউ কারখানা কর্তৃপক্ষ সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করে সেগুলো বিক্রি করে দেয়। গতকাল রাত ১২টার দিকে ওই কারখানা এলাকায় একটি ডাম্প ট্রাকে বালু বোঝাই করার পর অপর একটি ট্রাকে বালু ভরানোর কাজ চলছিল। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এক্সকাভেটর ও ডাম্প ট্রাক ফেলে এর দুই চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ ওই দুজনকে ধরে ফেলে। পরে ডাম্প ট্রাক দুটি জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এক্সকাভেটরটি পাশের একটি কারখানার রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, জাহাজ বিচিংয়ের (নোঙর) সুবিধার্থে নাব্যতা রক্ষায় কারখানার মুখে বালু উত্তোলন করার বৈধতা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে বালু উত্তোলন করতে হলে প্রশাসনকে জানাতে হবে। আবার বালু উত্তোলনের বৈধতার সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি জাহাজভাঙা কারখানা অবৈধভাবে বালুর ব্যবসা শুরু করেছে। গত এক মাসে এমন তিনটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালানো হয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায়, মো. মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডেও অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দেওয়া হচ্ছে। পরে ওই কারখানায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানার মালিক ও বালু উত্তোলনকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই পাওয়া যায়নি। শ্রমিকদের মাধ্যমে তাঁদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।