
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বর্তমান সময় সংকটময়, সেটা বাংলাদেশের মানুষ জানে। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। তবে বাংলাদেশের এই অবস্থা থাকবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেলে দেশের অর্থনীতি আবার চাঙা হবে।
গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।
সংলাপে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে রতন, সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান ওরফে মিসবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাকির হোসেন।
সংলাপে ফরিদুল হক খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার যাতে বাংলাদেশের উন্নয়ন করতে না পারে, সে জন্য একটা বিরোধী শক্তি কাজ করে যাচ্ছে। তাঁরা দেশের শান্তি নষ্ট করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, এক বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে একটা অশুভ শক্তি দেশে অনেক কিছু করার চেষ্টা করতে পারে। তারা যাতে তাদের শক্তিটা প্রয়োগ করতে না পারে সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী প্রমুখ।