ভাঙ্গায় যুবলীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

মামলার বাদী আওয়ামী লীগ নেতা কাজী হেদায়েত উল্লাহ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা নারীর সঙ্গে নিজের ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে যুবলীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী হেদায়েত উল্লাহ ওরফে সাকলাইন (৭৩)। আজ শনিবার ফরিদপুরের ভাঙ্গা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, কাজী হেদায়েত উল্লাহ নিজে বাদী হয়ে আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলাটি করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

মামলার আসামিরা হলেন ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলার শেখপুরা গ্রামের শেখ আরাফাত (৪৩), চরপাড়া এলাকার তারিকুল ইসলাম (২৫), দোপাশা গ্রামের সানি রহমান (২৫), ঝুমারকান্দি গ্রামের কিবরিয়া মুন্সী (২৮) ও সদরপুর উপজেলার চর আড়িয়াল গ্রামের কামরুল মাতুব্বর (৩২), কামাল মাতুব্বর (৩২), বিপ্লব মাতুব্বর (১৯) ও হাজি নেওয়াজখার কান্দি গ্রামের সালাউদ্দিন খান ওরফে তানভীর (৩৭)।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ৯ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে আসামি শেখ আরাফাতের ফেসবুক আইডিতে বাদীর ব্যক্তিগত ছবি অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে সম্পাদনা করে পোস্ট করা হয়। পরে তিনি সব আসামির ফেসবুকে ওই একই ছবি দেখতে পান। বাদীর ধারণা, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এভাবে ফেসবুকে পোস্ট করেন আসামিরা। পরে ঘটনাটি তাঁর পরিবারকে জানিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।

জানতে চাইলে যুবলীগ নেতা শেখ আরাফাত প্রথম আলোকে বলেন, এক নারীর সঙ্গে কাজী হেদায়েত উল্লাহর ভিডিওটি তিনি প্রথমে ‘সদরপুর প্রতিদিন’ নামে এবং পরে ‘বিপ্লব মাতুব্বর’ নামে দুটি ফেসবুক আইডিতে দেখতে পান। ঘটনাটি সত্য কি না, জানার জন্য তিনি সেটি ফেসবুকে পোস্ট করেন। তিনি বলেন, কাজী হেদায়েত উল্লাহ তাঁর চাচাশ্বশুর। তাঁর সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক বিরোধ আছে। সেই বিরোধের জেরে হেদায়েত উল্লাহ তাঁকে ১ নম্বর আসামি করে মামলা করেছেন।

কাজী হেদায়েত উল্লাহ বলেন, ফেসবুকে প্রচার করা ভিডিওটি সম্পাদনা করা। তিনি আরাফাতের ফেসবুকে প্রথম সেটি দেখেন। তিনি বলেন, তিন মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ভিডিওটি না ছড়ানোর জন্য টাকা দাবি করেন। সেদিনই ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি জানালে ওসি তাঁকে ধৈর্য ধরতে বলেন। এ জন্য তখন আইনি পদক্ষেপ নেননি। এখন বিষয়টি ফেসবুকে চলে আসায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন।