চোরের কাছ থেকে মালামাল কেনার সময় ধরা খেয়ে কারাগারে

রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

রাতে চুরি করা মালামাল এনে ভোরে দোকানির কাছে বিক্রি করছিল চোরেরা। ওই পথ দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে যেতে দেখে সেখানে থাকা একজন দৌড়ে পালায়। এতে কাউন্সিলরের সন্দেহ হয়।

যিনি মালামাল কিনছিলেন, কাউন্সিলর তাঁকে ধরে ফেলেন। এ সময় চোর দলের আরও দুজন দেয়াল টপকে পালিয়ে যায়।

এরপর পুলিশে দেওয়া হয় দোকানিকে। মামলার পর তাঁকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।

আজ সোমবার ভোরে রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। কারাগারে পাঠানো দোকানির নাম শাহীন আলী (৫৫)। তাঁর বাড়ি নগরের খরবোন এলাকায়। তিনি নগরের কেদুর মোড় এলাকায় ভাঙারি মালের ব্যবসা করেন।

রাজশাহী নগরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী  প্রথম আলোকে বলেন, তিনি ফজরের নামাজ পড়ে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। সঙ্গে আরও কয়েকজন লোক ছিলেন। ওই সময় শাহীন আলী মালামাল ওজন করছিলেন। তাঁকে (কাউন্সিলর) দেখে প্রথমে শাহীন আলীর ছেলে দৌড় দেন। এরপর যে দুজন দেয়াল টপকে পালিয়ে যায়, তারা চোর দলের সদস্য। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ তখনই এসে শাহীন আলীকে আটক ও চোরাই মালামাল জব্দ করে।

পুলিশ জানায়, জব্দ করা চোরাই মালের মধ্যে ছিল খোয়া ও সিমেন্ট মেশানোর মেশিনের পাঁচটি চাকা, ল্যান্ডিং টাইলস তৈরির আটটি ডাইস, লোহার রড ও অন্যান্য জিনিস।

নগরের বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শাহীন আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।