
পেশায় ভাঙারি ব্যবসায়ী মানিক বিশ্বাস (৭০)। ৯ সদস্যের সংসারে অভাবের শেষ নেই। দিন এনে দিন খান অবস্থা। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। চোখে ঝাপসা দেখেন। তবু সংসারের বোঝা টেনেই চলেছেন। অভাব থাকলেও সততাকে কখনো বিসর্জন দেননি বৃদ্ধ মানিক বিশ্বাস। তার প্রমাণ রাখলেন এই বয়সে এসেও। তাঁর সততার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
মানিক বিশ্বাস গতকাল বৃহস্পতিবার দুপুরে মালামাল কেনার জন্য তাঁর ব্যাংক হিসাব থেকে ১০ হাজার টাকা তুলতে গিয়েছিলেন বরিশাল নগরের বাজার রোড এলাকায় রূপালী ব্যাংকের শাখায়। যথারীতি ব্যাংকের ক্যাশ সেকশনে চেক জমা দেন তিনি। এরপর ব্যাংক থেকে ক্যাশিয়ার ভুল করে তাঁর হাতে দুটি ৫০০ টাকার বান্ডিল তুলে দেন। সহজ-সরল মানিক বিশ্বাস টাকা না গুনেই বাসায় ফিরে আসেন। এরপর মালামাল কেনার জন্য ব্যাগ থেকে কিছু টাকা বের করে নিয়ে যেতে চাইলে গুনে দেখেন দুটি ৫০০ টাকার বান্ডিলে এক লাখ টাকা। তাঁর চোখ কপালে ওঠে। চিন্তায় পড়ে যান মানিক, কীভাবে বাকি টাকা ফেরত দেবেন। পরে বিষয়টি তাঁর বড় ছেলেকে জানান।
এরপর ছেলেকে নিয়ে মানিক বিশ্বাস সরাসরি চলে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে। কিন্তু কাউন্সিলর বাইরে থাকায় সেখানে টাকা নিয়ে অপেক্ষায় থাকেন তিনি। পরে কাউন্সিলর বাসায় ফিরলে বিষয়টি তাঁকে খুলে বলেন মানিক বিশ্বাস। পরে কাউন্সিলরকে নিয়ে ব্যাংকে গিয়ে ৯০ হাজার টাকা ফেরত দেন মানিক। সততার এমন দৃষ্টান্তে কাউন্সিলর, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা মুগ্ধ হয়েছেন।
মানিক বিশ্বাস স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে নিয়ে বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের গগনগলি শিশুপার্ক এলাকায় সরকারি জমিতে একটি খুপরি তুলে বসবাস করেন। বিভিন্ন বাসাবাড়ি থেকে পুরোনো লোহা বা ভাঙারি সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চলে তাঁর। কিন্তু বয়স বাড়ায় সেই কাজও করতে পারছেন না তিনি। এর মধ্যে শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে।
মানিক বিশ্বাস বলেন, ছোটবেলা থেকে কঠিন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন তিনি। সংসার চালাতে তাঁর স্ত্রী সেতারা বেগম মানুষের বাসাবাড়িতে পরিচারিকার কাজ করে সামান্য আয় করে সংসারে অবদান রাখেন। তিন ছেলে ও চার মেয়েকে অর্থাভাবে পড়াশোনা করাতে পারেননি। ছেলেরা বাবার মতো ভাঙারি বিক্রি করেন।
মানিক বিশ্বাসের সততার প্রশংসা করে ওয়ার্ড কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন আজ শুক্রবার বিকেলে বলেন, ‘মানিক বিশ্বাস যে সততার পরিচয় দিয়েছেন, তাতে গর্বে আমাদের বুক ভরে গেছে। এর মধ্যে আমাদের প্রত্যেকেরই শেখার বিষয় আছে। তিনি গরিব হলেও অসৎ ও লোভী নন।’
ঘটনার বর্ণনা দিয়ে জামাল হোসেন বলেন, মানিক বিশ্বাস ব্যাংকের ক্যাশ অফিসার জাকিয়া পারভিনের কাছ থেকে টাকা উত্তোলন করেছেন বলে তাঁকে জানান। তবে জাকিয়া পারভিন টাকা বেশি দেওয়া হয়েছে কি না, এ বিষয়ে কিছুই বলতে পারছিলেন না। এরপর তাঁকে লেনদেনের হিসাব মিলিয়ে দেখতে বলা হলে দেখেন ৯০ হাজার টাকা বেশি দেওয়া হয়েছে। তবে কোন গ্রাহককে দেওয়া হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারছিলেন না।
রূপালী ব্যাংক বাজার রোড শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিনা আক্তার বলেন, ‘মানিক বিশ্বাস ওই টাকা ফিরিয়ে না দিলে হয়তো সংশ্লিষ্ট কর্মকর্তা বিপদে পড়ে যেতেন। কিন্তু বিষয়টি টের পাওয়ার আগেই মানিক বিশ্বাস ৯০ হাজার টাকায় ফিরিয়ে দিয়েছেন। আমরা এমন একজন দরিদ্র মানুষের সততায় মুগ্ধ। তাঁর এই সততা আমাদের সমাজে এক অনন্য দৃষ্টান্ত।’