মামলা
মামলা

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা, নারীকে ১০ দিনের কারাদণ্ড

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করার দায়ে লাভলী আক্তার নামের এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক দোলন বিশ্বাস এই রায় দেন। এ সময় মামলার আসামি ও বাদী আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামি আরিফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে এক মাসের মধ্যে জামিন আবেদন করার শর্তে আদালত কারাদণ্ডপ্রাপ্ত নারীর জামিন মঞ্জুর করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর নয়াডাঙ্গী গ্রামের আরিফুল ইসলামের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্যজীবনে নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ দেখা দেয়। ২০২২ সালের ১৫ মার্চ স্বামী ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এমন অভিযোগ এনে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে মামলা করেন লাভলী।

এ মামলায় বাদীসহ মোট তিনজন সাক্ষ্য দেন। আজ দুপুরে মামলার শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদে আদালতে প্রমাণিত হয়, এজাহারে বাদী যে অভিযোগ উল্লেখ করেছেন, সেই ঘটনার প্রায় সাত মাস আগেই মামলার অভিযুক্ত আরিফুল প্রবাসে চলে যান। এজাহারে ঘটনার উল্লিখিত সময়ে আসামি প্রবাসে অবস্থান করেন। পরে সাক্ষীদের সাক্ষ্য এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে বাদীপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালতের বিচারক মামলা থেকে আসামি আরিফুলকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে মামলার বাদী লাভলীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ দিকে আপিল আবেদনের শর্তে কারাদণ্ডপ্রাপ্ত নারীকে জামিন দেওয়া হয়। এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার বলেন, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়। পরে এক মাসের মধ্যে আপিল করার শর্তে ১ হাজার টাকার বন্ডে আদালত লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।