
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে হামলা-ভাঙচুর ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মহিপুর থানা-পুলিশ তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাকসুদ আকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাকসুদ আকন কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এ ঘটনায় ‘তানিসা আচার ঘর’–এর মালিক মনিরুল হাওলাদার গতকাল বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে মাকসুদ আকন (৩০), মো. শাহীন মুসল্লী (২৮), আবদুর রহিম (৩০) সহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা ‘তানিসা আচার ঘর’–এর কর্মচারী হাসানকে দোকান থেকে নামার জন্য হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। দোকানে ভাঙচুর চালানো হয় এবং মালামাল তছনছ করে ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মনিরুল হাওলাদার জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯–এ কল করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা দ্রুত সটকে পড়েন।
স্থানীয় কয়েকজন জানান, কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে।