
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের মাঝির টিলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই থানার পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (৭)। এ ঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগম গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাঝিরটিলা এলাকায় ইসমাইল মিয়ার বাড়িতে হঠাৎ বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন এসে ইসমাইল, তাঁর স্ত্রী ও সাত বছরের ছেলে রিফাতকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই বাবা-ছেলে মারা গেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে কাজ করছে।