
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার।
আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে এ সভার আয়োজন এনসিপি জয়পুরহাট জেলা শাখা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় সরকার বাস্তবায়ন করছে না। একটি সংবিধান সংশোধন কমিটি করে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভন্ডুল করে দিতে চাচ্ছে সরকার। যদিও সংস্কার বাস্তবায়নে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে।’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার গত আট মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ভোটের আগে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। তারা মামলা–বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে তাঁদের ভোটব্যাংক নিজেদের পক্ষে নিয়েছে। ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা ডিসেম্বর মাসে নদীর পানির হিস্যা আদায়ে মাঠে থাকব।’
সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেবে। সেই লক্ষ্য নিয়ে তারা সারা দেশে কাজ করছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর, সদস্যসচিব ইসমাইল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।