আলোহীন চোখ নিয়ে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন তৌফিক

তৌফিক বিন জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

তৌফিক বিন জাহাঙ্গীরের দুই চোখে আলো নেই। তবে মনের জোরে এগিয়ে চলেছেন তিনি। পড়ার টেবিলের বাইরে কবিতা আবৃত্তি, গান কিংবা উপস্থাপনা—সবকিছুতেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই তরুণ। পরিশ্রম আর অদম্য মনোবলের কারণে প্রতিনিয়ত স্বপ্ন বুনে যাচ্ছেন তিনি। ২০২২ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগে জিপিএ–৫ পেয়েছেন তৌফিক।  

সব বিষয়েই ৮০-এর বেশি নম্বর পেয়েছেন তিনি। তাঁর এ ফলাফলে উচ্ছ্বসিত মা-বাবা। তৌফিকের গ্রামের বাড়ি নোয়াখালীর জেলার বেগমগঞ্জের নন্দনপুর গ্রামে। তবে ২০১০ সাল থেকে তৌফিক লক্ষ্মীপুরে মেসে থেকে পড়শোনা করছেন। তৌফিকের বাবা মো. জাহাঙ্গীর হোসেন মাইজদী পাবলিক কলেজের সহকারী অধ্যাপক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তৌফিক

জন্মের পর ১৮ মাস বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন তৌফিক। তাঁর পরিবারের দাবি, এরপর ভুল চিকিৎসায় তৌফিক দৃষ্টিশক্তি হারান। কিন্তু তাঁর এই শারীরিক প্রতিবন্ধকতা পড়াশোনার ক্ষেত্রে বাধা হতে পারেনি। দুই চোখে দেখতে না পাওয়ার কারণে পরীক্ষার হলে শ্রুতলেখকের সাহায্য নিয়ে তৌফিক পরীক্ষা দেন। এর আগে মানবিক বিভাগ থেকে এসএসসিতে জিপিএ–৪ দশমিক ৭২ পেয়েছেন তিনি।

তৌফিক বলেন, পড়াশোনার ক্ষেত্রে তাঁর পরিবার ও শিক্ষকেরা সব সময় সাহায্য করেছেন। ক্লাসে শিক্ষকের দেওয়া লেকচারগুলো তিনি মুঠোফোন রেকর্ড করে রাখেন। মেসে ফিরে ওই রেকর্ড শোনেন। এ ছাড়া মুঠোফোনে অডিও বুক শুনেও তিনি পড়াশোনা করেন।  

শিক্ষামন্ত্রী দীপু মনির কাছ থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ প্রতিযোগিতার পুরস্কার নিচ্ছেন তৌফিক

পড়াশোনার পাশাপাশি উপস্থাপনায় তৌফিকের সুনাম আছে। লক্ষ্মীপুর শহরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। এ ছাড়া কবিতা আবৃত্তি ও গান করেন বিভিন্ন অনুষ্ঠানে। এ জন্য তৌফিক আর্থিক সম্মানী এবং পুরস্কারও পেয়েছেন। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ প্রতিযোগিতার বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তৌফিক।

তৌফিক বলেন, ‘অজপাড়াগাঁয়ের সাধারণ পরিবার থেকে এ পর্যন্ত এসেছি। স্বপ্ন আছে আরও এগিয়ে যাওয়ার। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। এত দূর যখন আসতে পেরেছি, তখন আমাকে স্বপ্ন ছুঁতেই হবে।’

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল করিম বলেন, তৌফিক কঠোর পরিশ্রমী ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পরিশ্রম আর প্রচেষ্টার কারণেই তাঁর এই সাফল্য এসেছে। কলেজের শিক্ষকেরা সব সময় তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন।