
অসুস্থ বাবার পাশে দাঁড়ানোর জন্য ট্রাক্টরে করে মাটি পরিবহনের মতো ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিয়েছিল শিশু ফরহাদ আলী (১৪)। কিন্তু ঝুঁকি এড়াতে পারেনি সে। সোমবার সকালে মাটিবাহী ট্রাক্টরের ওপর থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে ওই শিশু। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা দুঃখের সাগরে পড়েছেন। নিহত ফরহাদ নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহরকয়া গ্রামের আজিত মোল্লার ছেলে।
লালপুর থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মহরকয়া গ্রামের আজিত মোল্লা একজন দিনমজুর। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে না পারায় সংসারে অভাব-অনটন লেগেই আছে। পরিবারের উপার্জনের চাকা সচল রাখতে নিরুপায় হয়ে একমাত্র ছেলে ফরহাদ আলীকে মাটি টানার কাজে দেন। সে ট্রাক্টরের চালককে সহযোগিতা করত এবং ট্রাক্টর চলার সময় ট্রাক্টরের পেছনে বসে থাকত। আজ সোমবার ভোরেও সে মাটিভর্তি ট্রাক্টরের পেছনে বসে ছিল। ঝাঁকিতে হঠাৎ সে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফরহাদের মৃত্যু হয়।
ফরহাদ আলীর মৃত্যুর খবর পেয়ে মা-বাবা ছুটে যান। একমাত্র শিশু ছেলেকে হারিয়ে তাঁরা পাগলপ্রায়। আজিত মোল্লা বলেন, ‘অভাবের সংসারে ছেলেকে পড়ালেখা করাতে পারিনি। নিরুপায় হয়ে ট্রাক্টরে কাজ করতে দিয়েছিলাম। সোমবার ভোরে সেই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে সে মারা গেছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি দুই কুলই হারালাম। আমার পাশে আর কেউই রইল না।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনোয়ারুজ্জামান বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।